
উন্নয়ন পদক্ষেপের আড়ালে যে অনেকের বঞ্চনার গল্প থাকে, তা আবার উঠে এল চীনে। মহাবিশ্বে এলিয়েন খোঁজার ভাবনা থেকে গত সেপ্টেম্বরে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চিজুহাও প্রদেশে আধা কিলোমিটার ব্যাসের (১ হাজার ৬৪০ ফুট) এই রেডিও টেলিস্কোপটি বানানো হয়েছে। এটির আকার প্রায় ৩০টি ফুটবল মাঠের সমান। খরচ পড়েছে প্রায় ১৮ কোটি ডলার।
কিন্তু এই পদক্ষেপের কারণে ওই এলাকা থেকে বাস্তুচ্যুত হয়েছে প্রায় নয় হাজার গ্রামবাসী। তাদের বসবাসের কোনো জায়গা নেই। ঘুরছে এখানে-সেখানে।
চীনের চিজুহাও প্রদেশ এমনিতে বেশ দরিদ্র। সেখানকার বাসিন্দাদের অর্থনৈতিক অবস্থাও ভালো নয়। এই সময়ে এ ধরনের উচ্ছেদের কারণে অকূলপাথারে পড়েছে অনেক বাসিন্দা। ওই উপত্যকা এলাকার চারপাশে জঙ্গল থাকায় বাসিন্দাদের যাওয়ারও জায়গা নেই। বাস্তুচ্যুত অনেক পরিবার সরকারের বিরুদ্ধে মামলাও করেছে। কয়েক সপ্তাহ ধরে আদালতে অনেক মামলার শুনানিও চলছে।
স্থানীয় লোকজন বলেন, ৮০ বছর বয়স্ক হান জিংফু পৈতৃক ভিটা ছেড়ে যেতে রাজি হননি। তাঁকে পুনর্বাসন চুক্তি স্বাক্ষর করতে বাধ্য করা হয়। পরে তিনি বাড়ির দরজার সামনে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন।
আরেক বাসিন্দা লু ঝ্যাঙ্গলঙ্গ বলেন, তাঁকে কোনো প্রকার নোটিশ না দিয়ে এবং তাঁর অনুপস্থিতিতেই বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। ধ্বংসস্তূপে পরিণত হয় বাসার সব আসবাব।
তবে এত কিছুর পরও সিদ্ধান্তে অনড় কর্তৃপক্ষ। তারা বলছে, যেকোনো মূল্যেই এই পদক্ষেপ অব্যাহত থাকবে। একটি সূত্র বলছে, আন্তর্জাতিক পরিসরে বিশেষ করে নোবেল পুরস্কারসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের অর্জন প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর তুলনায় খুবই নগণ্য। তাই এ ক্ষেত্রে সফলতা অর্জনের জন্যই এই উদ্যোগ অব্যাহত থাকবে।
চীনের জাতীয় মহাকাশ পর্যবেক্ষণ সংস্থার পরিচালক পেং বো বলেন, ‘আমাদের কিছুটা সাহসী হতেই হবে। কেননা, যুক্তরাষ্ট্রকে আমাদের পেছনে ফেলতেই হবে। তা যেভাবেই হোক না কেন।’
চীনা কর্তৃপক্ষের বরাতে দেশটির বার্তা সংস্থা সিনহুয়া বলছে, যাদের পুনর্বাসন করা হচ্ছে তাদের বরং লাভই হবে। কেননা, তাদের জীবনযাত্রার মান আরও বাড়বে।
চীনের ফাইভ হানড্রেড মিটার অ্যাপারচার স্ফেরিক্যাল টেলিস্কোপ (ফাস্ট) প্রকল্পটির পরীক্ষামূলক কার্যক্রম শুরু হলেও পুরোদমে কাজ শুরু করতে আরও তিন বছর সময় লেগে যেতে পারে বলে ধারণা দেশটির বিজ্ঞানীদের। পাঁচ বছর সময় লেগেছে এটি নির্মাণে। এর ডিশে বসানো হয়েছে হাজার হাজার ত্রিভুজাকৃতির প্যানেল। এর আগে পুয়ের্তো রিকোর আরেসিবো মানমন্দিরের টেলিস্কোপটি ছিল বিশ্বের সর্ববৃহৎ। এর ব্যাস ৩০৫ মিটার।