সেই দুর্গম মরুপথে আবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাব আল খালি মরুভূমি, ইনসেটে বারট্রাম টমাস
রাব আল খালি মরুভূমি, ইনসেটে বারট্রাম টমাস

আরব উপদ্বীপের দক্ষিণাঞ্চলে বিশ্বের বৃহত্তম বালুর মরুভূমি ‘রাব আল খালি’ বা ‘এম্পটি কোয়ার্টার’ পাড়ি দিতে চান ব্রিটিশ অভিযাত্রী মার্ক ইভানস। তিনি গত বৃহস্পতিবার দুজন সঙ্গী নিয়ে ওমান থেকে যাত্রা শুরু করেছেন। তাঁরই স্বদেশি বারট্রাম টমাস ১৯৩০ সালে বিশ্বে প্রথম ব্যক্তি হিসেবে একই পথে বিশাল ওই দুর্গম মরুভূমি অতিক্রম করেছিলেন। খবর এএফপির।
সৌদি আরবের মধ্য দিয়ে হেঁটে মোট ১ হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ মরুভূমি পেরিয়ে কাতার পৌঁছাতে ইভানসের প্রায় দুই মাস সময় লাগতে পারে। রাব আল খালি বিশ্বের সবচেয়ে বেশি গরম, শুকনো ও বসবাসের অনুপযোগী অঞ্চলগুলোর একটি।
ইংল্যান্ডের বারট্রাম টমাস বিংশ শতকের গোড়ার দিকে মরুভূমিটি পেরোনোর পর ব্রিটিশ রাজা পঞ্চম জর্জ এবং ওমানের তখনকার শাসক সুলতান তৈমুরের অভিনন্দনবার্তা পেয়েছিলেন। সব প্রতিকূলতা সত্ত্বেও ৫৭ দিনে অভিযান সম্পন্ন করেছিলেন তিনি।
অভিযানে মার্ক ইভানসের সঙ্গী হয়েছেন ওমানের দুই সহকর্মী। পানি ও আনুষঙ্গিক জিনিস বহন করার জন্য দুটি গাড়ি সঙ্গে নিয়েছেন তাঁরা। আরও আছে প্রশিক্ষণপ্রাপ্ত চারটি উট। তবে ইভানস পুরোটা পথ হেঁটেই যাবেন।