সেই মন্দিরের ফ্রিজে এবার মিলল ৪০টি মৃত বাঘের বাচ্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের বিতর্কিত ‘ওয়াট ফা লুয়াং তা বুয়া’ বৌদ্ধমন্দিরে ফ্রিজের ভেতর রাখা চল্লিশটি মৃত বাঘের বাচ্চা গতকাল বুধবার উদ্ধার করেছে দেশটির বন্য প্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ। বন্য প্রাণী পাচারের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে কয়েক দিন থেকে অভিযান চালানো হচ্ছে। এ মন্দিরটি তাদের প্রাঙ্গণে বেশ কিছুসংখ্যক বাঘ রাখার জন্য সুপরিচিত ছিল।
থাইল্যান্ডের কাঞ্চনাবুরি প্রদেশের ওই মন্দিরটিতে থাকা ১৩৭টি বাঘের মধ্যে তিনটিকে সোমবার সরিয়ে নেওয়া হয়েছিল। গতকাল পর্যন্ত ৫২টি বাঘ সরিয়ে দেওয়া হয়েছে। বাকি ৮৫টি বাঘ সপ্তাহ খানেকের মধ্যে সরিয়ে নেওয়া হবে। এ অভিযানের একপর্যায়ে মৃত বাচ্চাগুলো পাওয়া গেল।
থাইল্যান্ডের ন্যাশনাল পার্ক অধিদপ্তরের উপমহাপরিচালক আদিসোরন নাচদামরং বলেন, শাবকগুলোর মৃতদেহ রান্নাঘরের পাশে ফ্রিজের ভেতর লুকানো ছিল। তিনি বলেন, এগুলো নিয়ে ভিক্ষুদের নিশ্চয়ই কোনো পরিকল্পনা ছিল। তবে তা এখনো জানা যায়নি।
বাঘের শরীরের বিভিন্ন অংশ দিয়ে চীনে এক ধরনের ওষুধ তৈরি করা হয়। বাঘের বাচ্চাগুলোর মৃতদেহ সে কারণে ফ্রিজে রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ সম্পর্কে তাৎক্ষণিকভাবে ভিক্ষুদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রবেশের জন্য অর্থ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ‘বাঘ মন্দির’ নামে পরিচিত মন্দিরটিতে পর্যটকেরা অর্থের বিনিময়ে বাঘসহ অন্যান্য বন্য প্রাণী দেখতে পারতেন। তাঁরা বন্য প্রাণীর সঙ্গে ছবি তুলতে এবং বাঘগুলোকে খাবারও খেতে দিতে পারতেন। এ মন্দিরের ভিক্ষুদের বিরুদ্ধে বাঘের ক্ষতিসাধন, অবৈধ প্রজনন ও বন্য প্রাণী পাচারসহ বাণিজ্যের অভিযোগ করে আসছিল থাইল্যান্ডের বন্য প্রাণী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো।