সেই মন্দিরের বিরুদ্ধে অভিযোগ আনবে বন্য প্রাণী কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল মন্দিরে অভিযান চালিয়ে ফ্রিজের ভেতর পাওয়া যায় বাঘের ৪০টি বাচ্চা। ছবি: রয়টার্স
গতকাল মন্দিরে অভিযান চালিয়ে ফ্রিজের ভেতর পাওয়া যায় বাঘের ৪০টি বাচ্চা। ছবি: রয়টার্স

থাইল্যান্ডের বিতর্কিত ‘ওয়াত ফা লুয়াং তা বুয়া’ বৌদ্ধমন্দিরের ফ্রিজের ভেতর থেকে ৪০টি মৃত বাঘের বাচ্চা উদ্ধারের ঘটনায় মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ আনবে বন্য প্রাণী কর্তৃপক্ষ।
থাইল্যান্ডের কাঞ্চনাবুরি প্রদেশের এ মন্দিরটি তাদের প্রাঙ্গণে বেশ কিছুসংখ্যক বাঘ রাখার জন্য সুপরিচিত ছিল। কিন্তু মন্দিরের ভিক্ষুদের বিরুদ্ধে বাঘের ক্ষতিসাধন, অবৈধ প্রজনন, বন্য প্রাণী পাচারসহ বাণিজ্যের অভিযোগ করে আসছিল থাইল্যান্ডের বন্য প্রাণী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে কয়েক দিন ধরে অভিযান চালানো হচ্ছে। এ অভিযানের একপর্যায়ে গতকাল বুধবার মন্দিরের ফ্রিজে মৃত বাচ্চাগুলো পাওয়া গেল।
এরই মধ্যে মন্দির থেকে ১৩৭টি বাঘের মধ্যে ৫৫টিকে সরিয়ে নেওয়া হয়েছে। বাকিগুলো সপ্তাহ খানেকের মধ্যে সরিয়ে নেওয়া হবে।
প্রবেশের জন্য অর্থ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ‘বাঘ মন্দির’ নামে পরিচিত মন্দিরটিতে পর্যটকেরা অর্থের বিনিময়ে বাঘসহ অন্যান্য বন্য প্রাণী দেখতে পারতেন। তাঁরা বন্য প্রাণীর সঙ্গে ছবি তুলতে এবং বাঘগুলোকে খাবারও খেতে দিতে পারতেন।
পুলিশ কর্নেল বানডিথ মেংসুকুম এএফপিকে বলেন, মৃত শাবকগুলো এক দিন বা দুই দিন বয়সী ছিল। কিন্তু কত দিন আগে এগুলো মারা গেছে, তা জানা যায়নি। মন্দিরে থাকা বাঘগুলোর সঙ্গে এগুলোর মিল রয়েছে কি না, তা জানতে মৃত শাবকগুলোর ডিএনএ পরীক্ষা করা হবে।