সেই 'আফগান গার্ল' পাকিস্তানে গ্রেপ্তার

সবুজ চোখের আফগান নারী শরবত বিবিকে দুর্নীতির অভিযোগে পাকিস্তানে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের বরাত দিয়ে পাকিস্তানে ডন পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে জানানো হয়, আজ বুধবার পেশোয়ার থেকে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) তাঁকে গ্রেপ্তার করে।
১৯৮৫ সালে ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীর প্রচ্ছদে সবুজ চোখের এই আফগান মেয়ের ছবি প্রকাশ করার পর আলোড়ন সৃষ্টি হয়। বিবর্ণ পোশাক ও ধুলোমাখা মুখে সবুজ চোখের তীক্ষ্ণ দৃষ্টির সেই ‘আফগান গার্ল’-এর ছবি রাতারাতি বিখ্যাত হয়ে ওঠে। শরবত বিবির বিরুদ্ধে জাল পরিচয়পত্র রাখার অভিযোগ আনা হয়েছে।

খবরে জানানো হয়, ন্যাশনাল জিওগ্রাফিকের আলোকচিত্রী স্টিভ ম্যাককারি ১৯৮৪ সালে পেশোয়ারের কাছাকাছি এক শরণার্থীশিবির থেকে শরবত বিবির ছবি তোলেন। ১৯৮৫ সালের ন্যাশনাল জিওগ্রাফিকের জুন সংখ্যায় ওই ছবি কাভার ছবি হিসেবে ব্যবহারের পর শরবত বিবি বিশ্বজুড়ে ‘আফগান গার্ল’ হিসেবে ব্যাপক খ্যাতি পান। ওই সময়ে শরবতের বয়স ছিল মাত্র ১২ বছর।
পরে ন্যাশনাল জিওগ্রাফিক তাঁর জীবনযাপন নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র তৈরি করে। তাঁকে বলা হতো ‘আফগান যুদ্ধের মোনালিসা (মোনালিসা অব আফগান ওয়ার)’।
এফআইএ জানিয়েছে, কম্পিউটারের মাধ্যমে জাল জাতীয় পরিচয়পত্র তৈরি করার অভিযোগে আজ শরবত বিবিকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাসা থেকে আফগানিস্তান ও পাকিস্তান দুই দেশেরই নাগরিকত্বের পরিচয় বহন করা জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
