সেই 'আফগান গার্ল' বিতাড়িত

আলোচিত সেই সবুজ চোখের ‘আফগান গার্ল’ শরবত গুলাকে পাকিস্তান থেকে বের করে দেওয়া হয়েছে। জাল পাকিস্তানি পরিচয়পত্র রাখার দায়ে পাকিস্তান কর্তৃপক্ষ শরবত গুলাকে তাঁর মাতৃভূমি যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ফেরত পাঠিয়েছে। এর আগে গত ২৬ অক্টোবর জাল পরিচয়পত্র রাখার দায়ে তাঁকে পাকিস্তানের পেশোয়ার থেকে গ্রেপ্তার করে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ)।

এএফপির খবরে জানানো হয়, ১৯৮৫ সালে ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীর প্রচ্ছদে আলোকচিত্রী স্টিভ ম্যাককারির তোলা সবুজ চোখের এক আফগান মেয়ের ছবি প্রকাশ হওয়ার পর বিশ্বজুড়ে প্রচার পান তিনি। বিবর্ণ পোশাক ও ধুলোমাখা ক্লান্ত মুখে শরবতের উজ্জ্বল সবুজ চোখের মর্মভেদী দৃষ্টি ছবিটিকে পরিচিত করে তোলে। ‘আফগান গার্ল’ নামে রাতারাতি বিখ্যাত হয়ে ওঠেন তিনি।
সীমান্ত শহর তরখামের প্রশাসনিক কর্মকর্তা আসমাতুল্লাহ ওয়াজির শরবত গুলাকে ফেরত পাঠানোর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শরবত গুলাকে (৪৫) আমরা আফগানিস্তানে ফেরত পাঠিয়েছি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় চার সন্তানসহ তাঁকে ফেরত পাঠানো হয়েছে।’
পাকিস্তান ছেড়ে যাওয়ার অনুভূতি জানাতে গিয়ে গত সপ্তাহে শরবত গুলা বলেন, তিনি ‘মর্মাহত’।
আরও পড়ুন:
সেই ‘আফগান গার্ল’ পাকিস্তানে গ্রেপ্তার