সেনা আচরণের সমালোচনা করা উচিত সু চির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবরগুলো ভয়াবহ। সেনা ও মিলিশিয়ারা গ্রামগুলো ঘেরাও করছে, নারীদের ধর্ষণ করছে, শিশুদের হত্যা করছে, পুরুষদের ভবনে আটক করে তাতে আগুন ধরিয়ে দিচ্ছে। মিয়ানমারের সেনারা খুব কমসংখ্যক বিদেশিকেই রাখাইন রাজ্যে ঢুকতে দিচ্ছে। কাজেই সেখানে চলমান নৃশংসতার মাত্রা পরিমাপ করা কঠিন।

জাতিসংঘ বলেছে, ২৫ আগস্টের পর গত দুই সপ্তাহে ২ লাখ ৭০ হাজার রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে ঢুকেছে। কৃত্রিম উপগ্রহের তোলা ছবিতে দেখা গেছে, রাখাইনজুড়ে গ্রামের পর গ্রাম জ্বলছে। সীমান্তবর্তী নদীগুলোতে লাশ ভেসে আসছে।

মিয়ানমারে বর্তমান সরকারের নেতৃত্বে রয়েছেন অং সান সু চি। সাবেক সামরিক শাসনের সময় তিনি নিজেও নিপীড়নের শিকার হয়েছেন। গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াইয়ের জন্য শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি। কিন্তু সেই অং সান সু চির মধ্যে আর রোহিঙ্গাদের প্রতি সহমর্মিতা দেখা যাচ্ছে না। এমনকি রাখাইনে যে নিপীড়ন চলছে, তা-ই তিনি মানতে নারাজ। জাতিসংঘ, প্রতিবেশী দেশগুলোর সরকার, সহায়তা সংস্থা এবং অন্যান্য নোবেল পুরস্কার বিজয়ীরাও সু চির প্রতি চলমান নিপীড়ন বন্ধের আহ্বান জানিয়েছেন। কিন্তু সেসব আহ্বান, অনুরোধের কোনো সাড়াই মেলেনি।

রোহিঙ্গাদের গ্রহণের ব্যাপারে সু চির প্রাথমিক অনীহার কারণ বোধগম্য। মিয়ানমার সরকারের অধিকাংশ ব্যক্তি রোহিঙ্গাদের অনুপ্রবেশকারী বলে মনে করেন। সেনাবাহিনীর ওপর সু চির কর্তৃত্বও খুব কম। সেনাবাহিনী নিজেকে এবং পুলিশ বাহিনীকে পরিচালনা করার ক্ষমতা রাখে। কিন্তু রাখাইনে সহিংসতা এমন পর্যায়ে চলে গেছে যে, নিষ্ক্রিয়তা আর সমর্থনযোগ্য নয়। একটি সরকারের প্রথম দায়িত্বই হলো, যে জনগণকে সে শাসন করে, তাদের জীবিত রাখা। সু চির অন্তত সেনাবাহিনীর আচরণের সমালোচনা করা উচিত।

বিদেশি দাতাদের এখনই পরিষ্কার করে বলে দেওয়া উচিত যে, রাখাইনে সহিংসতা বন্ধ হওয়ার ওপরই নির্ভর করবে মিয়ানমারে উন্নয়ন-সহায়তা অব্যাহত রাখা। সবচেয়ে ভালো উপায় হতে পারে, নিষেধাজ্ঞা আরোপ করা। এতে মিয়ানমারের সেনাবাহিনীর ওপর সরাসরি প্রভাব পড়বে। কারণ জেড খনি থেকে শুরু করে মুঠোফোন নেটওয়ার্ক পর্যন্ত সবকিছুতেই এই বাহিনীর বিনিয়োগ রয়েছে। নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে মিয়ানমার সেনাবাহিনীর আচরণে পরিবর্তন আনার চেষ্টা করা যেতে পারে।