সেনা উপস্থিতিতেই রোহিঙ্গা নির্যাতন: এইচআরডব্লিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে সেনা উপস্থিতিতেই রোহিঙ্গা মুসলিমদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন এবং তাদের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে দাবি করে ‘নতুন তথ্য-প্রমাণ’ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবি বিশ্লেষণ করে তারা এই অভিযোগ তুলেছে।
তবে রোহিঙ্গা নির্যাতন নিয়ে আন্তর্জাতিক চাপের মুখে দেশটির নেত্রী অং সান সু চির গঠন করা তদন্ত কমিশন বলেছে, সেনাবাহিনী আইনের বাইরে কিছু করেনি। তাদের কোনো দোষ নেই।
রাখাইন রাজ্যের ওয়া পাইক গ্রামের পাশে সেনাছাউনি অবস্থিত। সাম্প্রতিক হামলায় রোহিঙ্গা-অধ্যুষিত গ্রামটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবি বিশ্লেষণ করে এইচআরডব্লিউ বলছে, ওয়া পাইক গ্রামে হামলা ও অগ্নিসংযোগের সময় সেনাদের গাড়িবহর আশপাশ দিয়ে চলাচল করছিল। গ্রামের পাশে সেনা উপস্থিতি দেখা যাচ্ছিল। এটি থেকেই স্পষ্ট, তাদের উপস্থিতিতে এবং জ্ঞাতসারেই এসব হামলা হয়।
এর আগে গত নভেম্বরের শেষভাগে স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে এই মানবাধিকার সংগঠনটি অভিযোগ করেছিল, রাখাইন রাজ্যের বিভিন্ন গ্রামে হাজারো রোহিঙ্গা বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও হামলা করা হয়েছে। মিয়ানমার সরকার এই অভিযোগ অস্বীকার করে জানায়, আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের জন্য রোহিঙ্গারা নিজেরাই তাদের বাড়িঘরে আগুন দিয়েছে।
এইচআরডব্লিউর এশিয়া বিভাগের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, এক মাসে তিন শর বেশি বাড়িঘর স্থানীয় বাসিন্দারা পুড়িয়ে দিয়েছে আর সেনাসদস্যরা তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন, যেটা বিশ্বাস করা কঠিন। তিনি বলেন, কৃত্রিম উপগ্রহের ছবিতে মিয়ানমারের সরকারি কর্মকর্তারা ধরা পড়ে গেছেন। যারা হামলার বিষয়টি অস্বীকার করে আসছিলেন, এখন তাদের তা স্বীকার করা উচিত।
হিউম্যান রাইটস ওয়াচের দাবি, ছবি বিশ্লেষণ করে এই আশঙ্কাই বেশি হয় যে সেনাবাহিনীই গ্রামে হামলা চালিয়েছে। মিয়ানমার সরকারের প্রধান মুখপাত্র জ হতেই বলেন, এ নিয়ে তদন্ত চলছে; সুতরাং এখন তিনি কোনো কথা বলবেন না।
মিয়ানমারের বাহিনীর দোষ নেই: সীমান্তচৌকিতে হামলা এবং রোহিঙ্গাদের ওপর নির্যাতন ঘটনার তদন্ত নিয়ে সু চি যে কমিশন গঠন করেছিলেন, সেটি বলেছে, ওই ঘটনায় রাষ্ট্রীয় বাহিনীগুলো আইনের মধ্যে থেকেই পদক্ষেপ নিয়েছে। আন্তর্জাতিক চাপের মুখে ১৩ সদস্যের ওই কমিশন গঠন করেছিলেন সু চি। এর প্রধান করা হয় দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট ও সাবেক লেফটেন্যান্ট জেনারেল মিন্ট সউইকে। কমিশন মঙ্গলবার ক্ষতিগ্রস্ত মংডু শহরে তিন দিনের পরিদর্শন শেষে করেছে। এর পরদিন তারা প্রাথমিক পর্যবেক্ষণ প্রকাশ করেছে। তদন্তের এই পর্যায়ে উপসংহারে পৌঁছে যাওয়ায় প্রশ্ন দেখা দিয়েছে, আগামী ৩১ জানুয়ারির মধ্যে কমিশন প্রতিবেদন দেবে কি না।
গত ৯ অক্টোবর বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় পুলিশের নয়জন সদস্য নিহত হওয়ার পর রাখাইন রাজ্যের রোহিঙ্গা-অধ্যুষিত জেলাগুলোতে সেনা অভিযান শুরু হয়। সেনাবাহিনী রোহিঙ্গা নিধন করছে বলে অভিযোগ উঠেছে। নতুন করে শুরু হওয়া সহিংসতায় এখন পর্যন্ত কমপক্ষে ৮৬ জন নিহত হয়েছে। সহিংসতা থেকে প্রাণে বাঁচতে কমপক্ষে ২৭ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে ঢুকেছে বলে জাতিসংঘ জানিয়েছে। বহু আশ্রয়প্রার্থীকে ফিরিয়েও দিচ্ছে বাংলাদেশ।
সহিংসতায় আক্রান্ত এলাকায় স্বাধীন সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।