সেনা নামাব, লাগলে আরও হত্যা করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকের বিরুদ্ধে লড়াইয়ে এবার সেনা নামানোর ঘোষণা দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। দেশটির মিন্দানাও দ্বীপের দাভাও শহরে গতকাল বৃহস্পতিবার দুতার্তে বলেন, দেশ থেকে মাদক উৎখাতে তিনি নির্বাহী আদেশ জারি করে সেনা নামাবেন এবং প্রয়োজনে আরও লোক ‘হত্যা করবেন’।

সেনা নামানোর কথা বললেও মাদকের বিরুদ্ধে এ লড়াইয়ে সামরিক শাসন জারি করবেন না বলে জানিয়েছেন দুতার্তে। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আর বিশ্বাস করতে পারছেন না। তাই এখন ফিলিপাইনের সশস্ত্র বাহিনীকে মাঠে নামাতে চাইছেন।

এর আগে অনিয়মের অভিযোগ ওঠায় গত সোমবার মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান যাবতীয় অভিযান স্থগিত করা হয়।

দাভাওয়ে দেওয়া বক্তব্যে এ শহরের সাবেক মেয়র দুতার্তে বলেন, ‘ঘোষণার মাধ্যমে, নাকি নির্বাহী আদেশের বলে, তা এখনো ঠিক করিনি। তবে আমি সশস্ত্র বাহিনীকে এ বিষয়ে সংশ্লিষ্ট করেছি।’

মাদকবিরোধী অভিযান শুরু হওয়ার পর এ পর্যন্ত সাড়ে সাত হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।