রাশ টেনে ধরে রাখবে সেনাবাহিনী
পাঁচ দশকের বেশি সময় ধরে সেনা-সমর্থিত সরকারের শাসনাধীন মিয়ানমারের জনগণ গত রোববারের নির্বাচনকে এক বড় প্রাপ্তি হিসেবে দেখছেন। অং সান সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) এবার নিরঙ্কুশ জয় পেয়েছে।
পার্লামেন্টের দুই কক্ষেই দুই-তৃতীয়াংশ আসন এনএলডি পাবে—এটা প্রায় নিশ্চিত। তবে সু চি কখন ক্ষমতার নিয়ন্ত্রণ নেবেন, সেই প্রশ্ন বারবার উঠছে। মিয়ানমারে এবার জনগণের ভোটে নির্বাচিত শক্তির সঙ্গে সেনাবাহিনীর সমঝোতার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
২০০৮ সালের সংবিধান অনুযায়ী পার্লামেন্টের ২৫ শতাংশ আসন অবশ্যই সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকবে। সংবিধানের যেকোনো পরিবর্তন বা সংশোধনের জন্য পার্লামেন্টের ৭৫ শতাংশ সদস্যের সমর্থন লাগবে। আর সবচেয়ে শক্তিশালী তিনটি মন্ত্রণালয়ের—প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও সীমান্ত-বিষয়ক—প্রধান দায়িত্ব অবশ্যই বর্তমান কোনো সামরিক কর্মকর্তাকে দিতে হবে। আইন সভার সদস্যরা সামরিক বাহিনীর বাজেট যাচাই-বাছাই করে দেখতে পারবেন না।
সংবিধানের ৫৯ (এফ) অনুচ্ছেদটি সম্ভবত সু চিকে আটকানোর জন্যই তৈরি করা হয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তির স্বামী বা স্ত্রী অথবা সন্তান বিদেশি নাগরিক হলে তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না। সু চির দুই সন্তান ব্রিটিশ নাগরিক।
এনএলডি ক্ষমতায় এলে তাঁর হাতেই সরকারের মূল নিয়ন্ত্রণ থাকবে বলে সম্প্রতি সু চি মন্তব্য করেছেন। কিন্তু বর্তমান সংবিধানে এ ধরনের কোনো সুযোগ নেই। তাই সু চির লক্ষ্য কীভাবে পূরণ হবে, তা স্পষ্ট নয়।
রাজনৈতিক দমনপীড়নের লক্ষ্যে সেনাবাহিনী যেসব কৌশল নিয়েছে, তাতে তারা ক্ষমতা ছাড়লেও পরবর্তী সরকারের রাশ টেনে ধরে রাখবে। অবশ্য পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জোরে এনএলডি হয়তো বেশ কিছু আইনে সংস্কার আনতে পারবে। এতে মিয়ানমারের জনগণ আগের তুলনায় বেশি মৌলিক অধিকার ভোগ করবে। আর সামরিক শাসন থেকে মুক্ত হওয়ার জন্য দেশটির মানুষের দীর্ঘদিনের সংগ্রাম এনএলডির হাত ধরেই পূর্ণতা পেতে পারে।
সূত্র: সিএনএন