সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ উ. কোরীয় নেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন তাঁর দেশের সীমান্তে নিযুক্ত সেনাবাহিনীকে যুদ্ধের জন্য গতকাল শুক্রবার থেকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ কথা জানিয়েছে। উত্তর ও দক্ষিণ কোরিয়ার কঠোর সুরক্ষিত সীমান্তে কামানের গোলাগুলির পর পিয়ংইয়ং এ ঘোষণা দেয়। খবর এএফপি ও বিবিসির।
কেসিএনএর খবরে বলা হয়, কিম জং-উন গত বৃহস্পতিবার রাতে এক জরুরি বৈঠকে ‘যুদ্ধের কাছাকাছি অবস্থা’ ঘোষণা করেন। যেকোনো সময় সামরিক অভিযান শুরুর জন্য তিনি নিজ সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেন।
সীমান্তে মাইক বাজিয়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রচারণা ‘২৪ ঘণ্টার মধ্যে’ বন্ধ না করা হলে সিউলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে পিয়ংইয়ং।
গত বৃহস্পতিবার ওই হুমকি পাওয়ার পর থেকে দক্ষিণ কোরিয়ার সেনারাও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন। দুই দেশের সীমান্তে উত্তেজনা দেখা দিলে উত্তর কোরিয়া প্রায়ই হামলার হুমকি দিয়ে থাকে। তবে কামানের গোলা বিনিময়ের পর এবারের পরিস্থিতি তুলনামূলক বেশি আক্রমণাত্মক বলে পর্যবেক্ষকেরা মনে করেন।