তাইওয়ানের সেনাবাহিনীতে তরুণদের যোগ দেওয়ার জন্য গতকাল সোমবার আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। সপ্তাহান্তে এক মহড়া চলাকালে চীনের সামরিক বিমান এই দ্বীপ দেশটির কাছাকাছি উড়ে আসায় এবং গত এক মাসে এ নিয়ে একই ঘটনা দুবার ঘটার প্রেক্ষাপটে তিনি এ আহ্বান জানালেন।
তাইওয়ানের প্রতিরক্ষা সূত্রের ভাষ্য, গত শনিবার চীনের ১০টির বেশি সামরিক বিমান জাপানের মিয়াকোপ্রণালি এবং ফিলিপাইন ও তাইওয়ানের মাঝামাঝি বাশি চ্যানেলের কাছাকাছি এলাকা দিয়ে উড়ে গেছে। তবে বিমানগুলো তাইওয়ানের ঠিক কত কাছাকাছি ছিল সে সম্পর্কে সূত্র কিছু বলেনি। অবশ্য বিমানগুলো তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করেনি।
সামরিক মহড়ার প্রসঙ্গ উল্লেখ করে গতকাল তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ফেং শিহ-কুয়ান সতর্ক করে বলেন, এই দ্বীপ দেশটি চীনের সামরিক হুমকির মুখে রয়েছে। সাংবাদিকদের তিনি বলেন, চীনের পদক্ষেপের অবশ্যই রাজনৈতিক গুরুত্ব থাকতে হবে।
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ধরনের ঘটনা সব সময় জনসমক্ষে প্রকাশ করে না। কিন্তু নিজ দেশের বিরুদ্ধে সৃষ্ট হুমকির ব্যাপারে সচেতনতা বাড়াতে চান তাঁরা।