
মিয়ানমারের সেনাবাহিনীর প্রতি ‘নমনীয়’ আচরণের কথা অস্বীকার করেছেন দেশটির নেত্রী অং সান সু চি। তিনি দাবি করেন, সেনাবাহিনীর জেনারেলদের সঙ্গে তাঁর সম্পর্ক স্বাভাবিক রয়েছে। জাতীয় সমঝোতাই তাঁর লক্ষ্য।
ওয়াশিংটনভিত্তিক রেডিও ফ্রি এশিয়ার সঙ্গে গত মঙ্গলবার এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতনের ঘটনায় নিশ্চুপ থাকার কারণে আন্তর্জাতিকভাবে সমালোচিত হওয়া সু চি। তিনি বলেন, গৃহবন্দী থাকা অবস্থায় তিনি জেনারেলদের সঙ্গে যেমন দৃঢ় আচরণ করতেন, এখনো তেমনিই আছেন।
রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর নৃশংসতার অভিযোগ উঠেছে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে। সেনাবাহিনীর নির্যাতনকে জাতিগত নিধনের উদাহরণ হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ। সহিংসতা থেকে বাঁচতে প্রায় সোয়া চার লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
সু চি সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের লক্ষ্য হলো জাতীয় ঐক্য। আমরা কখনোই সেনাবাহিনীর সমালোচনা করিনি, বরং তাদের কার্যক্রমের সমালোচনা করেছি। আমরা এ ধরনের কার্যক্রমের ব্যাপারে দ্বিমত পোষণ করতেই পারি।’
জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে রাখাইনে সহিংসতার কথা স্বীকার করেছেন সু চি। তবে এই সহিংসতার জন্য সুনির্দিষ্ট কোনো গোষ্ঠীকে দোষারোপ করেননি তিনি। রোহিঙ্গা শব্দটিও উল্লেখ করেননি সু চি। তাঁর বক্তব্য মানবাধিকার সংস্থাসহ বিভিন্ন মহলে সমালোচিত হয়েছে।
রেডিও ফ্রি এশিয়াকে সু চি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে চায় মিয়ানমার। এ জন্য তিনি কূটনৈতিকদের রাখাইন রাজ্য পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
সাক্ষাৎকারে সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন সু চি। তিনি বলেন, ২০১২ সালে তাঁর দল চেষ্টা করেছিল মিয়ানমারের সংবিধান থেকে একটি অনুচ্ছেদ বাদ দিতে, যেখানে আইনি সংস্কারের ক্ষেত্রে সেনাবাহিনীকে ভেটো দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু সেনা আপত্তির কারণে সে উদ্যোগ ব্যর্থ হয়েছে।
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনা তদন্তে মিয়ানমারে পূর্ণ ও অবাধ প্রবেশাধিকার চেয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক তদন্তকারীরা। কিন্তু সু চির সরকার এতে তাদের আপত্তির কথা পুনর্ব্যক্ত করেছে। জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত তিন লিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেছেন, রাখাইন সমস্যা সমাধানে এ ধরনের উদ্যোগ কোনো সুফল বয়ে আনবে না বলে মনে করে মিয়ানমার।