সেনাবাহিনীর ভূমিকা অব্যাহত থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেসিডেন্ট থেইন সেইন
প্রেসিডেন্ট থেইন সেইন

মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন স্পষ্ট করে বলেছেন, ‘গণতন্ত্রের অভিযাত্রায়’ দেশটিতে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত থাকবে। তিনি বলেছেন, সেনাবাহিনী সংস্কার কর্মসূচি শুরু করেছে। রাজধানী নেপিডোতে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন সাবেক এই শীর্ষ সেনা কর্মকর্তা।
দেশি-বিদেশি চাপের মুখে কয়েক বছর আগে শুরু হওয়া রাজনৈতিক সংস্কার-প্রক্রিয়ার অংশ হিসেবে মিয়ানমারে বর্তমানে একটি সেনা-সমর্থিত বেসামরিক সরকার ক্ষমতায়। তবে সংস্কারের গতি ধীর বলে সমালোচনা রয়েছে।
সাক্ষাৎকারে থেইন সেইন সেনাবাহিনীর ভূমিকার যৌক্তিকতাকে প্রমাণের চেষ্টা করেন। তিনি বলেন, ‘সেনাবাহিনী সংস্কার কর্মসূচিতে বাধা দিচ্ছে, এমন অভিযোগ সত্য নয়। মিয়ানমারের সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়। তাদের একমাত্র আগ্রহের বিষয় জাতীয় স্বার্থ।’
সাবেক জেনারেল থেইন সেইন বলেন, ‘সেনাবাহিনীর কাজ দুটি। যুদ্ধাবস্থায় দেশের জন্য যুদ্ধ করা। আর যুদ্ধ না থাকলে দেশের মানুষের জন্য কাজ করা। দেশের মানুষের জন্য কাজ বলতে বোঝাচ্ছি, দেশের রাজনীতিতে যুক্ত হওয়া।’
সংস্কারপন্থী হিসেবে পরিচিত থেইন সেইন বলেন, একনায়কতান্ত্রিক ব্যবস্থা থেকে মিয়ানমারের যে রূপান্তর ঘটছে, সেখানে সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলেই মনে করেন তিনি।
থেইন সেইন বলেন, ‘মিয়ানমারে গণতন্ত্রের বিকাশে সহায়তা করছে সেনাবাহিনী। রাজনৈতিক দলগুলোর আচরণ যত পরিপক্ব হবে, সেনাবাহিনীর ভূমিকাও ততই পরিবর্তিত হবে।’ তবে দীর্ঘদিন প্রত্যক্ষ-পরোক্ষ সেনা শাসনে থাকা মিয়ানমারে সেনাবাহিনীর ভূমিকা কখন কমবে, তার কোনো সময়সীমা নির্ধারণ না করে দিয়ে প্রেসিডেন্ট শুধু বলেন, ‘ধীরে ধীরে মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে সংগতি রেখেই তা কমবে।’
আগামী নভেম্বর মাসে মিয়ানমারের সাধারণ নির্বাচন। ওই নির্বাচনে সেনা-সমর্থিত দল ইউএসডিপি প্রথমবারের মতো দেশটির গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের সঙ্গে জোর লড়াইয়ে নামবে। এতে সু চির দল জয়ী হবে বলেই অনেকের ধারণা। তবে সু চির দুই সন্তান ব্রিটিশ নাগরিক হওয়ায় তাঁর প্রেসিডেন্ট পদে নির্বাচন করা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা আছে।
সংবিধান অনুযায়ী মিয়ানমারের কোনো নাগরিকের স্বামী, স্ত্রী বা সন্তান বিদেশি নাগরিক হলে তিনি প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন না। সু চি যাতে নির্বাচন করতে পারেন, সে জন্য সম্প্রতি সংবিধানের সংশ্লিষ্ট ধারাটি সংশোধনের করতে কথাবার্তা হচ্ছে। তবে এ ব্যাপারে প্রভাবশালী সেনাবাহিনী ও তাদের সমর্থিত প্রেসিডেন্ট কতটুকু আন্তরিক, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে থেইন সেইন বলেন, ‘সংবিধানে পরিবর্তন আনা হলে তিনি বাধা দেবেন না। তবে বিষয়টি পার্লামেন্টের ওপর নির্ভর করে।’
জাতিসংঘের আহ্বান: মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি দেশটির চলমান গণতান্ত্রিক সংস্কারের ‘প্রতিবন্ধকতাগুলো’ দূর করার ব্যবস্থা নিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। জেনেভায় গত বুধবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে এই আহ্বান জানান লি। মিয়ানমারের কোকাং অঞ্চলে চলমান সহিংসতায় উদ্বেগ জানান লি।