
চলতি বছর এপ্রিলে মিয়ানমারে সরকারের লাগাম হাতে তুলে নিয়েছেন গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চি। বেশ বন্ধুর পথেই ওই সময় যাত্রাটা শুরু করেছিলেন তিনি। কিন্তু গত সপ্তাহে তাঁর এ যাত্রায় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যা ইঙ্গিত করে, মিয়ানমারকে আরও গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ দেশে উত্তরণে কার্যত বড় ধরনের কিছু পদক্ষেপ নেওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন তিনি।
সু চি কেন এ রকম পদক্ষেপ নিচ্ছেন সে বিষয়টি ব্যাখ্যা করে বলছিলেন মিয়ানমারের বিশ্লেষক ল্যারি জগান। তিনি বলেন, দৃশ্যত এমন সাফল্যমণ্ডিত পদক্ষেপের কেন্দ্রে রয়েছে সামরিক বাহিনীর সঙ্গে তাঁর সম্পর্ক উন্নয়নের বিষয়টি। যদিও এ বাহিনীর হাতেই প্রায় দুই দশক গৃহবন্দী জীবন কাটান তিনি।
গত রোববার, সু চি জাতিগত বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন। এসব গোষ্ঠী প্রায় ৬০ বছর ধরে আঞ্চলিক স্বায়ত্তশাসনের জন্য লড়াই করে চলেছে। আগস্টের শেষ নাগাদ সু চি যে জাতীয় শান্তি সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছেন তাতে গোষ্ঠীগুলোর অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা মূলত ওই বৈঠক। শান্তি সম্মেলনকে ‘২১ শতকের পাংলং কনফারেন্স’ বলে আখ্যা দেওয়া হচ্ছে। যেমন ঐতিহাসিক বৈঠক ১৯৪৭ সালে হয়েছিল সু চির বাবা জেনারেল অং সানের সঙ্গে জাতিগত গোষ্ঠীর নেতাদের। মিয়ানমারকে একক রাষ্ট্র হিসেবে ধরে রাখার প্রতিশ্রুতিই ছিল সেই বৈঠকের লক্ষ্য।
এপ্রিলে ক্ষমতায় বসার পর সু চি জাতীয় পুনর্গঠন ও শান্তি প্রতিষ্ঠাকে সরকারের শীর্ষ অগ্রাধিকারমূলক বিষয় হিসেবে তুলে ধরে আসছেন।
এখন পর্যন্ত সব জাতিগত গোষ্ঠী জাতীয় শান্তি সম্মেলনে অংশগ্রহণের বিষয় নিশ্চিত করেনি। তবে এই শান্তি উদ্যোগ যে মিয়ানমারকে আরও সত্যিকার গণতান্ত্রিক ও একক রাষ্ট্রে উত্তরণের পথে বিশেষ ভূমিকা রাখবে তা নিয়ে কম সংশয়ই রয়েছে। আর এ সম্ভাবনাও বেশি যে শান্তির পথে সেনাবাহিনী তথা এর প্রধান জ্যেষ্ঠ জেনারেল মিন অং লাইংয়ের সঙ্গে নিশ্চিতভাবে সম্পর্ক ঘনিষ্ঠ করবেন সু চি। সাম্প্রতিক কিছু লক্ষণে ইঙ্গিত মিলেছে, দুজন তাঁদের কাজের মধ্যে সম্পর্কে উন্নতি ঘটাচ্ছেন। তাঁদের একসঙ্গে জনসমক্ষে হাজির হতে দেখা গেছে। গত বছর নির্বাচনে সু চির নেতৃত্বাধীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির অভূতপূর্ব বিজয়ের পর অব্যবহিত মাসগুলোতে এমন দৃশ্য ছিল বিরল।
কিন্তু সেনাবাহিনীর সঙ্গে সু চির নতুন বন্ধুত্বের প্রকৃত শুরু মঙ্গলবার মিয়ানমারে পালন হওয়া ‘শহীদ দিবসে’র অনুষ্ঠানে। ওই দিন সু চির বাবা জেনারেল অং সানের মৃত্যুবার্ষিকী স্মরণ করা হয়। ৬৯ বছর আগে আততায়ীর হাতে নিহত হন জেনারেল অং। আনুষ্ঠানিক ওই স্মরণানুষ্ঠানে সশস্ত্র বাহিনী প্রধান মিন অং লাইং যোগ দেন। পরে সু চির বাসভবনে এক ঘরোয়া অনুষ্ঠানে যোগ দেন তিনি। আর এর মধ্য দিয়ে এই প্রথম সেনাপ্রধান সু চির বাসভবনে গেলেন। প্রকৃতপক্ষে ইউনিভার্সিটি অ্যাভিনিউয়ের এ বাসভবনে কোনো সেনাপ্রধানের যাওয়ার ঘটনাও ছিল এটাই প্রথম।