সোনার কণায় চোখের আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বার্ধক্যজনিত একধরনের সাধারণ অন্ধত্বের চিকিৎসায় দারুণ কার্যকর হতে পারে সোনার কণা। প্রবীণদের ‘এজ-রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন’ বা এএমডি সমস্যার জন্য নেওয়া ইনজেকশনের সংখ্যা অনেক কমিয়ে আনতে পারবে এ চিকিৎসা। উন্নত বিশ্বে এএমডিই মানুষের অন্ধত্বের প্রধান কারণ।
এএমডি রোগীদের মাসে মাসে সরাসরি চোখে ইনজেকশন নিতে হয়। এ থেকে তাদের রেহাই দিতে চিকিৎসার নতুন পদ্ধতি নিয়ে কাজ করছিলেন অস্ট্রেলিয়া ও চীনের একদল গবেষক। তাঁরা দেখতে পেয়েছেন গোল্ড ন্যানো টেকনোলজি (সোনার অতিক্ষুদ্র কণার প্রযুক্তি) এএমডির চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ওই গবেষকেরা বলছেন, এএমডি রোগীর চোখে ইনজেকশনের চেয়ে সোনার অতিক্ষুদ্র কণা ব্যবহার করে আরও ভালোভাবে ওষুধ দেওয়া যায়। সম্প্রতি রসায়নবিষয়ক জার্নাল আঙ্গেভান্টে শেমিতে তাদের গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে।
ন্যানোপার্টিকল বা অতিক্ষুদ্র কণা মানুষের একটি চুলের এক হাজার ভাগের এক ভাগ সরু। সাধারণ মাইক্রোস্কোপেও তা দেখা সম্ভব নয়।
অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন (সিএসআইআরও) এবং চীনের বিজ্ঞানীরা গবেষণাটি চালিয়েছেন। সিএসআইআরওর গবেষক জোহান বাসুকি বলেন, সোনার অতিক্ষুদ্র কণাসমৃদ্ধ হাইড্রো জেল মাত্র কয়েক ডিগ্রি তাপে নরম হয়ে গলে যায়। এটি দৃষ্টি ফেরানোর ওষুধ চোখের সঠিক জায়গায় পৌঁছে দিতে পারে।
জোহান বাসুকি বলেন, সোনার অতিক্ষুদ্র কণার মাধ্যমে এভাবে ওষুধ দেওয়ার সফল প্রয়োগ করা গেলে প্রতি মাসের বদলে ছয় মাসে একবার চোখে ইনজেকশন দিতে হবে।