সৌদি আরবে আত্মঘাতী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের জেদ্দায় হামলাস্থলে দেশটির পুলিশ সদস্যদের তৎ​পরতা। ছবি: এএফপি
সৌদি আরবের জেদ্দায় হামলাস্থলে দেশটির পুলিশ সদস্যদের তৎ​পরতা। ছবি: এএফপি

সৌদি আরবের মদিনা শহরে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। আজ সোমবার পবিত্র মসজিদে নববীর অদূরে চালানো ওই হামলায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুজনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেনি। কেউ এই হামলার দায়ও স্বীকার করেনি। খবর বিবিসি, আল-জাজিরা ও আরব নিউজের।
ইফতারের মুহূর্তে পবিত্র মসজিদে নববীর কাছের একটি পুলিশি চৌকির কাছে ওই হামলা চালানো হয়। সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, হামলায় বিধ্বস্ত গাড়ি জ্বলছে। ধোঁয়া উড়ছে। সামাজিক গণমাধ্যমে কিছু ভিডিও ফুটেজে দেখা যায়, একটি গাড়ি জ্বলছে। এর অদূরে পড়ে আছেন নিরাপত্তা বাহিনীর দুই সদস্য।
এদিকে সোমবারই সৌদি আরবের কাতিফ শহরে পৃথক বোমা হামলার খবর পাওয়া গেছে। শিয়া সম্প্রদায়ের মসজিদ লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
এ ছাড়া জেদ্দায় মার্কিন কনস্যুলেটের কাছে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, বিদেশি এক নাগরিক এই আত্মঘাতী হামলা চালিয়েছেন। হামলায় নিরাপত্তা বাহিনীর দুজন সদস্য সামান্য আহত হয়েছেন।