সৌদি আরবে এ বছর ৭৬জনের শিরশ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে আজ বুধবার আরও এক ব্যক্তির শিরশ্ছেদ করা হয়েছে। তাঁর নাম আবদুল্লাহ আল হারবি। এ নিয়ে এ বছর দেশটিতে ৭৬ জনের শিরশ্ছেদ করা হলো।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবদুল্লাহ আল হারবি’র বাড়ি রিয়াদের উত্তরে বুরায়দাহ এলাকায়। একজনকে গুলি করে হত্যার দায়ে তাঁকে এ দণ্ড দেওয়া হলো।

এএফপির তথ্য অনুযায়ী, সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার দায়ে গত ২ জানুয়ারি শিয়া সম্প্রদায়ের এক শীর্ষস্থানীয় ধর্মীয় নেতাসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব কর্তৃপক্ষ।

সৌদিতে সাধারণত শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গত বছরের জানুয়ারিতে বাদশাহ সালমানের সিংহাসনে আরোহণের পর দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের হার বেড়ে গেছে। মাদক পাচারসহ বিভিন্ন অপরাধে গত বছর সৌদিতে ১৫৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, সৌদি আরবে গত বছর যে সংখ্যক মানুষের শিরশ্ছেদ করা হয়েছে, তা দেশটিতে গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ।