সৌদি আরবের সঙ্গে প্রথম সন্ত্রাসবিরোধী মহড়া চীনের
সৌদি আরবের সঙ্গে যৌথভাবে প্রথম সন্ত্রাসবিরোধী সামরিক মহড়া করেছে চীন। দুই দেশের বিশেষ বাহিনীর সদস্যরা এ মহড়ায় অংশ নেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গতকাল বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।
সামরিক মহড়ায় দুই দেশ থেকে ২৫ জন করে অংশ নেন। চলতি মাসের ১০ তারিখে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ছংছিং শহরে দুই সপ্তাহের এ প্রশিক্ষণ শুরু হয়। চীনা সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির পত্রিকা এ তথ্য দিয়েছে। পত্রিকাটি বলেছে, সন্ত্রাসবাদ ও অপ্রচলিত হামলা মোকাবিলায় দুই দেশের সামরিক বাহিনীর দক্ষতা বাড়ানোই ছিল যৌথ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।
মধ্যপ্রাচ্য ও প্রতিবেশী মুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে নিরাপত্তা সম্পর্ক গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই চীন সাম্প্রতিক এ পদক্ষেপ নিয়েছে। চীন বলেছে, বৈশ্বিক পরিসরে কাজের পরিধি বেড়ে যাওয়ায় সে দেশের প্রতিষ্ঠান ও নাগরিকদের নানা হুমকির সম্মুখীন হতে হচ্ছে। এ ছাড়া সরকারও এখন মধ্যপ্রাচ্যের সমস্যাকবলিত এলাকাগুলোতে কূটনৈতিক নানা তৎপরতায় জড়িয়ে যাচ্ছে।
চলতি বছরেই প্রেসিডেন্ট সি চিন পিং সৌদি আরব সফরে গিয়েছিলেন। সেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেছিলেন তিনি।