সৌদি-ইরান ফের বাগ্যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের ধর্মীয় নেতাদের ধর্মীয় বিশ্বাস নিয়ে সংশয় প্রকাশ করেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুলআজিজ আল আল-শেখ। তিনি বলেন, ইরানি নেতারা সুন্নি মুসলিমদের শত্রু হিসেবে দেখেন।
গত সোমবার সৌদি সরকারের পবিত্র হজ ব্যবস্থাপনার সমালোচনা ও এর নিয়ন্ত্রণ থেকে দেশটিকে অব্যাহতি দেওয়ার বিষয়ে মুসলিম দেশগুলোকে চিন্তাভাবনার আহ্বান জানান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই সমালোচনা ও আহ্বানের প্রতিক্রিয়ায় সৌদি গ্র্যান্ড মুফতি এ মন্তব্য করেন। সৌদি সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষের প্রধানের এই মন্তব্য মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
খামেনির মন্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে আবদুলআজিজ বলেন, ইরানি নেতাদের এ ধরনের আচরণে তিনি বিস্মিত নন। তিনি বলেন, মুসলিমদের প্রতি ইরানি নেতাদের শত্রুতা পুরোনো বিষয় ও তাঁদের প্রধান শত্রু হলো সুন্নাহর (সুন্নি) অনুসারীরা। সৌদি আরবের ইংরেজি ভাষার দৈনিক সংবাদপত্র আরব নিউজ-এর ওয়েবসাইটে আবদুলআজিজের এ মন্তব্য প্রকাশিত হয়।
সৌদি গ্র্যান্ড মুফতির এ মন্তব্যে তাৎক্ষণিক কড়া জবাব দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ সৌদি আরবের ওহাবি মতাদর্শের সমালোচনা করেন। ইরানি নেতাদের ধর্মীয় বিশ্বাস নিয়ে গ্র্যান্ড মুফতি প্রশ্ন তোলায় জারিফ বলেন, সৌদি কর্তৃপক্ষ ‘গোঁড়া চরমপন্থার’ আশ্রয় নিচ্ছে।