সৌদি কর্মকর্তারা বিচারের মুখোমুখি হচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের পবিত্র মক্কা নগরের হারাম শরিফে ক্রেন দুর্ঘটনায় ১০৭ জন নিহত হওয়ার ঘটনায় বিচারের মুখোমুখি হচ্ছেন দুজন সরকারি কর্মকর্তা এবং প্রকৌশলীসহ সন্দেহভাজন ব্যক্তিরা। দেশটির সরকারের চিন্তাভাবনা প্রতিফলিত হয়, এমন একটি স্থানীয় দৈনিকে গতকাল মঙ্গলবার এ খবর প্রকাশিত হয়।

গত বছরের সেপ্টেম্বরে পবিত্র হজ শুরুর কয়েক দিন আগে হারাম শরিফ কমপ্লেক্সের ক্রেন ভেঙে পড়ে ১০৭ জন নিহত হন। আহত হন আরও কয়েক শ লোক।

আরবি ভাষার দৈনিক আল-রিয়াদ-এ এক সূত্রকে উদ্ধৃত করা হয়। ওই সূত্র জানায়, কৌঁসুলি ও তদন্তকারীরা আট মাস ধরে গোপনে এই মামলার তদন্ত সম্পন্ন করেছেন।

আল-রিয়াদের খবরে আরও বলা হয়, আদালতে কয়েক দিনের মধ্যে মামলাটির প্রথম শুনানির দিন ধার্য করার প্রক্রিয়া চলছে। এতে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে মক্কায় সরকারি সংস্থায় কাজ করা দুজন কর্মকর্তা ও প্রকৌশলীরা রয়েছেন। কিন্তু কী ধরনের অভিযোগ কিংবা ঠিক কতজন বিচারের মুখোমুখি হবেন, তা বলা হয়নি।

উল্লেখ্য, অধিক সংখ্যক মুসল্লি যাতে হজ সম্পাদন করতে পারেন, এ জন্য গত বছর হজের প্রাক্কালে হারাম শরিফ কমপ্লেক্সের আয়তন বৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়নে নির্মাণকাজ চলছিল। এতে হারাম শরিফের চারপাশে অনেক ক্রেন বসানো হয়েছিল। কিন্তু ওই ক্রেন দুর্ঘটনা অস্বস্তিতে ফেলে দেয় সৌদি রাজপরিবারকে। এই পরিপ্রেক্ষিতে সৌদি রাজপরিবার মসজিদটি সম্প্রসারণের প্রধান ঠিকাদারি প্রতিষ্ঠান সৌদি বিন লাদেন গ্রুপকে সাসপেন্ড করে।