সৌদি জোটের হামলায় ২০ ইয়েমেনি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের বন্দর নগরী হোদেইদায় সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ২০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখলে নেওয়ার দ্বিতীয় বর্ষ উদ্‌যাপনের কয়েক ঘণ্টা পর গতকাল বুধবার মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটে।

ইয়েমেনের প্রেসিডেন্ট মানসুর হাদিকে সমর্থন দিচ্ছে সৌদি আরব নেতৃত্বাধীন জোট। হাদির সমর্থনে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা চলছে।

ইয়েমেন সরকারের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, বন্দরের সুক আল-হুনোদ জেলায় বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। তবে ‘সম্ভবত ভুল করে’ আবাসিক এলাকাতে আঘাতের ঘটনা ঘটেছে। তিনি বলেন, হোদেয়দাই প্রেসিডেন্ট প্রাসাদও আঘাতের শিকার হয়েছে।
এদিকে বিদ্রোহীদের পক্ষ থেকেও এই হামলার কথা জানানো হয়েছে। সেখানে বেসামরিক ব্যক্তিরা নিহত হয়েছে জানালেও কতজন মারা গেছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি বিদ্রোহীরা।

সুক আল-হুনোদে হামলার পরে তোলা ছবিতে দেখা গেছে, আবাসিক এলাকার বাসিন্দারা ইট-পাথরের ভাঙা টুকরা সরিয়ে আহত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করছেন। এ ছাড়া হাসপাতালের মর্গে রাখা লাশের ছবিতে শিশুদের মৃতদেহও দেখা গেছে।

হোদেইদার আল-থাওয়ারা হাসপাতালের চিকিৎ​সক খালেদ সোহায়ল জানান, হামলায় নিহত ১২ জন এবং আহত ৩৫ জনকে এই হাসপাতালে আনা হয়েছে।

হাদি সরকারের সমর্থনে সৌদি​ জোটের ১৮ মাস ধরে ইয়েমেনে হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি দিন দিন বাড়ছে। তাই বারবারই সমালোচনার মুখে পড়ছে সৌদি জোট।
জাতিসংঘের তথ্য অনুসারে, সৌদি জোটের হস্তক্ষেপের পর ইয়েমেনে ৬ হাজার ৬০০ মানুষ মারা গেছে।

দেশটির দক্ষিণাঞ্চলের বেশির ভাগ এলাকা থেকে বিদ্রোহীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ইয়েমেনের রাজধানী সানার পাশাপাশি মধ্য ও উত্তরাঞ্চলের অধিকাংশ এবং লোহিত সাগর উপকূলীয় এলাকার প্রায় পুরোটা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।