সৌদি পৌর নির্বাচনে 'বেশ কয়েকজন' নারী বিজয়ী

সৌদি আরবে গত শনিবার অনুষ্ঠিত ঐতিহাসিক পৌর নির্বাচনে বেশ কয়েকজন নারী প্রার্থী বিজয়ী হয়েছেন। দেশটিতে এবারই প্রথম কোনো নির্বাচনে নারীরা ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ পান। পরিবর্তনের জন্য চাপের মুখে থাকা অতিরক্ষণশীল দেশটির জন্য এটিকে তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করা হচ্ছে। খবর বিবিসি ও এএফপির।
প্রাথমিকভাবে গতকাল রোববার একজন বিজয়ী নারী প্রার্থীর নাম প্রকাশ করা হয়। সালমা বিনতে হিজাব আল-ওতেইবি নামে ওই প্রার্থী মক্কা নগরের মাদরাকাহ আসন থেকে সাতজন পুরুষ ও দুজন নারীর বিরুদ্ধে লড়ে জয়ী হয়েছেন। নির্বাচন কমিশনের প্রধান ওসামা আল-বার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএকে এ কথা জানান।
জেদ্দা ও কাতিফে আরও কয়েকটি পদে নারী প্রার্থী জয়ী হতে পারেন বলে আভাস পাওয়া গেছে। ৫ হাজার ৯৩৮ পুরুষ প্রার্থীর পাশাপাশি ৯৭৮ জন নারী প্রার্থী হয়েছিলেন।
রক্ষণশীল সৌদি সমাজে নারীদের ওপর বিভিন্ন বিধিনিষেধ রয়েছে। দেশটিতে এখনো নারীদের গাড়ি চালনা নিষিদ্ধ। জনসমক্ষে বেরোতে হলে তাঁদের কঠোর পর্দা প্রথা মেনে চলতে হয়। এবারের নির্বাচনে নারী প্রতিদ্বন্দ্বীরা প্রচার কার্যক্রমের সময় কোনো পুরুষ ভোটারের সঙ্গে সরাসরি দেখা করতে পারেননি। আমলাতান্ত্রিক বাধা ও পরিবহন সংকটের কারণে অনেক নারী ভোটার তালিকায় নাম নিবন্ধনও করাতে পারেননি। ফলে ওই তালিকায় নারীদের সংখ্যা ১০ শতাংশেরও কম।