সৌদি মানবাধিকার কর্মী ওয়ালিদের স্ত্রী গ্রেপ্তার

সৌদি আরবের কারাবন্দী প্রখ্যাত মানবাধিকারকর্মী ওয়ালিদ আবু আল-খায়েরের স্ত্রী সামার বাদাবিকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। স্বামী ওয়ালিদের মুক্তির আহ্বান জানানো একটি টুইটার অ্যাকাউন্ট পরিচালনার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিবিসির।
বর্তমানে কারাবন্দী ওয়ালিদ মানবাধিকার সংগঠন মনিটর অব হিউম্যান রাইটস ইন সৌদি অ্যারাবিয়ার প্রতিষ্ঠাতা। সৌদি সরকারকে অবমাননা করার অভিযোগে ২০১৪ সালে তাঁর ১৫ বছরের কারাদণ্ড হয়। ওয়ালিদের স্ত্রী সামার সৌদি আরবের ভিন্নমতাবলম্বী ব্লগার রাইফ বাদাবির বোন। ‘ইসলাম অবমাননাকারী’ লেখার জন্য বাদাবিকে ২০১২ সালে অভিযুক্ত করে ১০ বছরের কারাদণ্ড এবং এক হাজার দোররা মারার আদেশ দেওয়া হয়।
রাইফ বাদাবির স্ত্রী এনসাফ হায়দার এক টুইটার বার্তায় সামার বাদাবির গ্রেপ্তারের খবর দিয়েছেন।
সৌদি মানবাধিকারকর্মীদের বরাত দিয়ে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউএসএ জানায়, সামার বাদাবিকে গত মঙ্গলবার জেদ্দা থেকে গ্রেপ্তার করা হয়। গতকালই সামার কে প্রসিকিউটরের সামনে হাজির করার কথা ছিল।