সৌদি সরকারে রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিংহাসনে বসার এক সপ্তাহ পর প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রদবদল করেছেন সৌদি আরবের নতুন বাদশাহ সালমান। ক্ষমতা সংহত করতে গতকাল বৃহস্পতিবার ৩১ সদস্যের পুনর্বিন্যাস করা নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন তিনি। খবর এএফপি ও বিবিসির।
প্রয়াত বাদশাহ আবদুল্লাহর দুই ছেলেকে বরখাস্ত করার পাশাপাশি বন্দর কর্তৃপক্ষ, ধর্মীয় পুলিশ, জাতীয় নিরাপত্তা পরিষদ এবং গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ পদে নতুন নিয়োগ দিয়েছেন সালমান।
সদ্য প্রয়াত বাদশাহ আবদুল্লাহর সৎভাই সালমান রদবদলের জন্য ৩০টিরও বেশি রাজকীয় আদেশ জারি করেন। রাজকীয় আদেশে সামরিকসহ সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর দুই মাসের বেতন বোনাস হিসেবে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
রাজকীয় আদেশে গোয়েন্দাপ্রধান প্রিন্স খালিদ বিন বন্দর বিন আবদুল আজিজ আল সউদকে বরখাস্ত করা হয়েছে। তাঁর জায়গায় বসানো হয়েছে জেনারেল খালিদ বিন আলী বিন আবদুল্লাহ আল হুমায়দানকে। প্রয়াত বাদশাহর ভাগনে ও উপদেষ্টা বন্দর বিন সুলতানকে জাতীয় প্রতিরক্ষা পরিষদের মহাসচিবের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। ২০০৫ সালে জাতীয় প্রতিরক্ষা পরিষদের মহাসচিবের দায়িত্ব নেওয়ার আগে বন্দর বিন সুলতান ২২ বছর ধরে যুক্তরাষ্ট্রে সৌদি রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ঘোষণায় বলা হয়েছে, সাবেক বাদশাহ আবদুল্লাহর দুই ছেলে মিশাল এবং তুর্কিকে গভর্নর পদ থেকে বরখাস্ত করা হয়েছে। মিশাল মক্কা ও তুকি৴রাজধানী রিয়াদের গভর্নর ছিলেন। বাদশাহ আবদুল্লাহর আরেক ছেলে মিতেবকে আগের পদেই বহাল রাখা হয়েছে। তিনি প্রায় দুই লাখ সদস্যের ন্যাশনাল গার্ডের দায়িত্বে রয়েছেন।
৩১ সদস্যের মন্ত্রিসভার তথ্য ও সংস্কৃতি, সমাজকল্যাণ, সিভিল সার্ভিস এবং যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়সহ আরও কয়েকটি মন্ত্রণালয়ে নতুন মুখের নাম ঘোষণা করা হয়েছে। তবে তেলমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী নিজ নিজ পদে বহাল রয়েছেন। এর আগে বাদশাহ আবদুল্লাহ মারা যাওয়ার এক ঘণ্টার মধ্যে সালমান তাঁর ছেলে মোহাম্মদ বিন সালমানকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেন।
সালমান শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়কে এক করে এর দায়িত্ব দিয়েছেন আজ্জাম বিন মোহাম্মদ আল দাখিলকে। তেলনির্ভর অর্থনীতি থেকে বের হতে সৌদি আরব আরও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি মৌলিক শিক্ষাপদ্ধতির উন্নয়নের চেষ্টা করছে।
৬৯ বছর বয়সী উপ যুবরাজ মাকরেন সিংহাসনের ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসেবে অপেক্ষমাণ। প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন নায়েফ উত্তরাধিকারীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন। সালমানের পর ক্ষমতায় আরোহণ করবেন সৌদি আরবের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ বিন সউদের শেষ ছেলে মাকরেন। এরপর তিনি ক্ষমতা ছাড়বেন আবদুল আজিজের নাতি মোহাম্মদ বিন নায়েফের কাছে।