সৌদি হাসপাতালে আগুনে নিহত ২৫
সৌদি আরবের একটি হাসপাতালে গতকাল বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। খবর এএফপির।
সৌদির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা টুইট বার্তায় বলেছে, দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশের রাজধানী জাজানের জেনারেল হাসপাতালে ওই অগ্নিকাণ্ড ঘটে। হাসপাতালটির নিবিড় পরিচর্যাকেন্দ্র ও প্রসূতি বিভাগে আগুন ছড়িয়ে পড়ে।
এই সংস্থা পরে বলেছে, হাসপাতালের আগুন নিভিয়ে ফেলা হয়েছে। অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় শুরু হয়েছে তদন্ত। এর আগে আগুন নেভানো ও রোগীদের সরিয়ে নিতে জরুরি উদ্ধারকর্মীদের ২১টি দল অংশ নেয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় পৃথক টুইট বার্তায় বলেছে, উদ্ধারকর্মীরা নিবিড় পরিচর্যাকেন্দ্র থেকে সবাইকে বের করে আনতে সক্ষম হন।
এ ঘটনার আগে গত আগস্টে সৌদি আরবের আরেকটি প্রদেশে বৃহৎ জ্বালানি তেল কোম্পানি সৌদি আরামকোর ভাড়া করা এক আবাসিক এলাকায় আগুন লেগে ১০ জন নিহত ও আরও ২৫৯ জন আহত হয়েছিলেন।
গতকালের অগ্নিকাণ্ডের পর সামাজিক মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় বইছে। এতে অভিযোগ করা হয়, জাজান প্রদেশে, বিশেষত সেখানকার হাসপাতালগুলোতে যথেষ্ট নিরাপত্তামূলক অবকাঠামো নেই।
আহমেদ নামে এমনই এক সমালোচক টুইটারে লেখেন, ‘আমাদের অবশ্যই খোলাখুলি বলতে হবে। জাজানকে অবহেলিত অবস্থায় রাখা হয়েছে।’ আরেকজন লেখেন, ‘অগ্নিকাণ্ডের এ ঘটনা জাজানের হাসপাতালগুলোর বিপর্যয়কর পরিস্থিতিকে সামনে নিয়ে আসতে পারে। কিন্তু এ থেকে বের হওয়ার আশা কমই।’
অগ্নিকাণ্ডে বিশেষ করে হাসপাতালে এত মানুষের প্রাণহানিতে ক্ষুব্ধ অনেক সৌদি নাগরিকই দেশটির স্বাস্থ্যমন্ত্রী খালিদ আল-ফলিহকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন।