সৌদিতে গুলি করে পাঁচজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের পূর্বাঞ্চলে গত শুক্রবার এক বন্দুকধারী গুলি করে পাঁচজনকে হত্যা করেছে। পরে ওই বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্ট ‘ইসলামিক স্টেট-বাহরাইন স্টেট’ নামে একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। খবর ডনের।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গুলিতে পাঁচজন নিহত হন। তাঁদের মধ্যে একজন নারী। আহত হয়েছেন নয়জন। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে অস্ত্র হাতে ওই ব্যক্তিকে দেখা যায়। কাতিফ শহরের সাইহাত এলাকায় পবিত্র আশুরার প্রস্তুতি উপলক্ষে জড়ো হওয়া একটি অনুষ্ঠানে ওই ব্যক্তি হঠাৎ অস্ত্র হাতে এলোপাতাড়ি গুলি ছোড়ে। মূলত শিয়া সম্প্রদায়ের মানুষজন ওই অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন। তাৎক্ষণিকভাবে পুলিশের গুলিতে ওই ব্যক্তি নিহত হয়।
সৌদি আরবের সরকারি টেলিভিশনের খবরে বলা হয়েছে, ওই বন্দুকধারীর বয়স প্রায় ২০ বছর।
ইসলামিক স্টেট-বাহরাইন স্টেট হামলার দায় স্বীকার করে বলেছে, সুগহা আল দোসারি নামে তাদের এক যোদ্ধা ওই হামলা চালিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় দাম্মাম ও সাইহাত শহরে আরও দুটি হামলার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। তবে তিনটি হামলার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না তা স্পষ্ট নয়।
গত বছর আশুরার সময় পূর্বাঞ্চলীয় আল দালওয়া শহরে এক বন্দুকধারী গুলি করে শিশুসহ সাতজনকে হত্যা করে। তারা সবাই শিয়া সম্প্রদায়ের। গত মে মাসের পর শিয়া মসজিদে একাধিক আত্মঘাতী হামলায় অন্তত ২৫ জন নিহত হয়। ওই ঘটনার পর শিয়া-অধ্যুষিত এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়