সৌদিতে বাংলাদেশিকে ব্যঙ্গ, অতঃপর...

বাংলাদেশের আবদুল করিম ভাগ্য ফেরাতে সৌদি আরব গেছেন বেশ কয়েক বছর আগে। রাজধানী রিয়াদে তিনি পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। আয়রোজগার খুব বেশি না। যা পান তা দিয়ে নিজে চলে বাকিটা দেশে পাঠিয়ে দেন। শখ-আহ্লাদ যে খুব একটা পূরণ করতে পারেন, এমন না। হয়তো সে কারণেই সোনার দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় গয়নাগুলো দেখে ভাবেন—ইশ্, যদি কিনতে পারতাম! এমন আফসোস নিয়ে সোনার দোকানের বাইরে দাঁড়িয়ে তাঁর গয়না দেখার একটি ছবি এক ব্যক্তি তোলেন। তারপর সেই ছবি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দিয়ে ব্যঙ্গ করে লেখেন, ‘দেখে মনে হচ্ছে তিনি ময়লা দেখছেন।’
মানুষকে এভাবে ব্যঙ্গ করা ভালো লাগেনি ৩৮ বছর বয়সী ব্যবসায়ী আবদুল্লাহ আল কাতানির। তিনি আবদুল করিমকে খুঁজে বের করে সহায়তা করার জন্য টুইটারে প্রচারণা শুরু করেন। বহু মানুষ তাঁর ডাকে সাড়া দেন। তাঁর ভাষায়, ‘আমি বহু লোকের ফোন পেয়েছি। অনেকে মেসেজ দিয়েছেন। আমার টুইটটি তিন ঘণ্টায় ছয় হাজারের বেশি শেয়ার হয়েছে। অবশেষে আমরা তাঁর সন্ধান পাই।’
আল কাতানি ফোনে সিএনএনকে বলেন, টুইটার ব্যবহারকারীরা আবদুল করিমের অবস্থান খুঁজে বের করেন। তিনি সেখানে গিয়ে আবদুল করিমের একটি ছবি তুলে পোস্ট দেন। তখন লোকজন তাঁকে সোনা, নগদ অর্থ ও ফোন দিয়ে সহায়তা করার আগ্রহ জানাতে থাকেন। এমনকি একটি চাল ব্যবসাপ্রতিষ্ঠান চাল দিয়ে আবদুল করিমকে সহায়তা করতে চায়।
তুর্কি আল দাজাম নামের সৌদি স্পোর্টস চ্যানেলের নির্বাহী একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে—আবদুল করিম সোনার গয়নার সেট পছন্দ করছেন। তারপর সেটি কিনে তাঁকে উপহার দেওয়া হয়। উপহার হিসেবে পাওয়া সোনার গয়নার সেট হাতে নিয়ে তোলা ছবিও পোস্ট করেন তিনি।
উপহার পেয়ে ভীষণ খুশি বলে সিএনএনকে জানালেন আবদুল করিম। তিনি সবাইকে ধন্যবাদ দেন।
আবদুল করিমকে সহায়তার ব্যাপারে মানুষের কাছ থেকে বিপুল সাড়া পেয়ে আপ্লুত আল কাতানিও। তিনি আশা করেন, ভবিষ্যতেও মানুষ ভালো কাজের জন্য এভাবে একতাবদ্ধ হয়ে এগিয়ে আসবে।
