সৌদিতে শিয়া মসজিদে হামলা, নিহত ২
সৌদি আরবে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা ও বন্দুক হামলায় অন্তত দুজন নিহত ও সাতজন আহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল শুক্রবার জুমার নামাজের সময় পূর্বাঞ্চলীয় মাহাসিন শহরের ইমাম রিজা মসজিদে এই হামলা হয়। খবর বিবিসির।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে জানায়, দুজন লোক শরীরের সঙ্গে বাঁধা বোমা নিয়ে মসজিদটিতে ঢোকার চেষ্টা করেন। নিরাপত্তাকর্মীরা তাঁদের বাঁধা দিলে একজন তাঁর শরীরের সঙ্গে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটান। অন্যজন গুলি চালাতে থাকেন। তবে আহত অবস্থায় দ্বিতীয় জনকে পুলিশ ধরে ফেলতে সক্ষম হয়।
এএফপি বলেছে, একজন প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে তাদের জানিয়েছেন, হামলাকারীর সংখ্যা দুজনের বেশি ছিল।
সৌদি আরবে শিয়া সম্প্রদায়ের লোকজন এর আগেও হামলার শিকার হয়েছেন। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট সেসব হামলার দায় স্বীকার করেছে।
গত মাসে সৌদি কর্তৃপক্ষ একজন প্রভাবশালী শিয়া ইমামের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনার জের ধরে শিয়াপ্রধান দেশ ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ছিন্ন হয়। ওই ঘটনার জেরে সৌদিতে শিয়া-সুন্নি সম্পর্কেরও অবনতি ঘটে।