কৌশলগত ত্রুটিতে সৌদি আরবে তিনটি আত্মঘাতী বোমা হামলায় প্রাণহানির সংখ্যা বেশিতে গড়ায়নি। তবে দৃশ্যত যেভাবে সমন্বিত হামলা চালানো হয়েছে, তাতে এ ইঙ্গিতই মেলে—বোমা হামলা চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা রয়েছে দেশটির এই নয়া উগ্রবাদীদের। আর তাদের ধরাও হবে কঠিন কাজ।
গত ১১ জুলাই কাতিফ এলাকায় একটি শিয়া মসজিদের কাছে তিন সৌদি তরুণ শরীরে লুকানো বোমার বিস্ফোরণ ঘটান। এতে শুধু তাঁদের নিজেদেরই প্রাণ যায়। একই সময় আরেক আত্মঘাতী তরুণ পবিত্র মদিনা শরিফের বাইরে চার পুলিশ সদস্যকে গুলি করে মারেন। এদিন ভোরের কিছু আগে ৩৪ বছর বয়সী একজন পাকিস্তানি গাড়িচালক জেদ্দা নগরে মার্কিন কনস্যুলেটের বাইরে গাড়িবোমায় নিজেকে উড়িয়ে দেন। তবে এতে মাত্র দুজন নিরাপত্তারক্ষী আহত হন।
এসব হামলার ব্যাপারে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট জেদ্দাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গালফ রিসার্চ সেন্টারের ইরাকি নিরাপত্তা বিশেষজ্ঞ মুস্তফা আলানি বলেন, এই উগ্রবাদীরা কৌশলগত দিক থেকে দুর্বল। মানসিকভাবে কম দৃঢ়। প্রশিক্ষণেও রয়েছে ঘাটতি।
নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, পাঁচজন আত্মঘাতী হামলাকারীর চারজনই বেঘোরে প্রাণ দেন। তা সত্ত্বেও এটা ঠিক এই পাঁচজন বিস্ফোরক তৈরি করতে বা নিজেদের শরীরে বাঁধতে সক্ষম হয়েছেন। সক্ষম হয়েছেন একই দিনে তিনটি হামলা চালানোর পরিকল্পনা করতেও। এতেই বোঝা যায়, হামলার পরিকল্পনা থেকে শুরু করে তা কার্যকর করার নেটওয়ার্ক তাঁদের রয়েছে। এটিই ভীতিকর হুমকি।
ওই হামলাগুলোর দায় কোনো গোষ্ঠী শিকার করেনি। তবে হামলাকারীদের সঙ্গে সম্পৃক্ত ১৯ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটকের পর সৌদি সরকারের ধারণা, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটই (আইএস) এর জন্য দায়ী।
স্বল্প প্রশিক্ষণের মধ্যেই যে সমন্বিত পন্থায় হামলাগুলো চালানো হলো, তা দৃশ্যত আইএসের ব্যবহারিক মডেলের লক্ষণ। এই মডেলে গোষ্ঠীটি অনলাইনে সম্ভাব্য উগ্রবাদীদের তাদের সদস্য হিসেবে নিয়োগ করছে এবং দূরে থেকে ন্যূনতম প্রশিক্ষণেই হামলা চালানোর উপযোগী করে তুলছে।
বিশ্লেষকেরা বলছেন, এর একপর্যায়ে সৌদি আরবে থাকা একজন আইএস সদস্য তাঁর বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনকে হামলায় অংশ নিতে উৎসাহ জোগাবেন। আর তাঁদের পরিচালনাকারীরা সিরিয়া ও ইরাক থেকে হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ করে দেবেন। সরবরাহ করবেন বিস্ফোরক। দেবেন বোমা তৈরির নির্দেশনা।
লোকচক্ষুর অন্তরালে চলা এই ব্যবস্থায় নিরাপত্তা বাহিনীর জন্য হামলাকারীদের নেটওয়ার্ক শনাক্ত ও সম্ভাব্য হামলার পরিকল্পনা উদ্ঘাটন করা খুব জটিল হয়ে পড়বে, যতক্ষণ পর্যন্ত হামলা সংঘটিত না হয়। আবার হামলার পেছনে আইএসের ন্যূনতম বিনিয়োগের অর্থই হলো হামলা ব্যর্থ হলেও তাদের ক্ষতি সীমিতই থাকবে।