সৌদি আরবে কিশোর অপরাধে একজনের মৃত্যুদণ্ড
বিক্ষোভসংক্রান্ত অপরাধের অভিযোগে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। তবে মানবাধিকার সংগঠনগুলো বলেছে, ওই ব্যক্তি যে সময় অপরাধ করেছিলেন, তখন তিনি কিশোর ছিলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই ব্যক্তির নাম মুস্তাফা হাশেম আল দারোইশ। ২০১৫ সালে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। যখন তিনি অপরাধ করেছিলেন, তখন তাঁর বয়স ছিল ১৭ বছর। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবের দাম্মাম শহরে আল-দারোইশের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এই মৃত্যুদণ্ড নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে সমালোচনা শুরু হয়েছে। কারণ, সৌদি আরব প্রতিশ্রুতি দিয়েছিল, তারা কোনো অপ্রাপ্তবয়স্কের মৃত্যুদণ্ড কার্যকর করবে না।
আল-দারোইশের মৃত্যুদণ্ড কার্যকরের পর সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে, তিনি সন্ত্রাসী সংগঠন তৈরি এবং সশস্ত্র বিপ্লবের চেষ্টা চালাচ্ছিলেন। তবে মানবাধিকার সংগঠনগুলো বলেছে, এই মৃত্যুদণ্ড কার্যকর না করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছিল তারা। এ ছাড়া আল-দারোইশের বিচারও স্বচ্ছ হয়নি বলে দাবি করেছে তারা।
মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও মৃত্যুদণ্ড সাজা বাতিলের জন্য কাজ করা সংগঠন রিপ্রেইভ বলেছে, আল-দারোইশকে নির্যাতন চালিয়ে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। তিনি তাঁর জবানবন্দি প্রত্যাহার করে নিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ‘দাঙ্গা বাধিয়ে নিরাপত্তা বিঘ্নিত করা’ এবং ‘বিভেদ সৃষ্টি করার’ অভিযোগ আনা হয়েছিল আল-দারোইশের বিরুদ্ধে। ২০১১ ও ২০১২ সালে ১০টি ‘দাঙ্গায়’ আল-দারোইশ অংশ নিয়েছিলেন। এ ছাড়া সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মারমুখী অবস্থান নিয়েছিলেন—এমন একটি ছবিও তাঁর বিরুদ্ধে প্রমাণ হিসেবে উত্থাপন করা হয়েছিল।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যার চেষ্টা করেছিলেন আল-দারোইশ। তবে রয়টার্সের খবরে বলা হয়েছে, আদালতে যেসব নথি উপস্থাপন করা হয়েছিল তাতে উল্লেখ ছিল না, ঠিক কত তারিখে আল-দারোইশ এই ঘটনা ঘটিয়েছিলেন।
এদিকে রিপ্রেইভ বলেছে, মৃত্যুদণ্ড কার্যকরের আগে আল-দারোইশের পরিবারকে কিছু জানানো হয়নি। তারা অনলাইনে এই খবর দেখতে পেয়েছে। এক বিবৃতিতে তাঁর পরিবার বলেছে, তাঁর ফোনে একটি ছবি ছিল শুধু। এর ভিত্তিতে একটি কিশোরের মৃত্যুদণ্ড কার্যকর করা ন্যায্য হয় না।