সৌদি আরবে নারী কাউন্সিল চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে প্রথমবারের মতো নারী কাউন্সিল চালু হয়েছে। দেশটির আল-কাসিম প্রদেশে গত শনিবার ‘কাসিম গার্লস কাউন্সিল’ শীর্ষক ওই পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। নারীদের উন্নয়নে গঠিত এই কাউন্সিল গঠনের উদ্যোগ নেন প্রদেশের গভর্নর প্রিন্স ফয়সাল বিন মিশাল বিন সৌদ।
নারী স্বাধীনতার ব্যাপারে রক্ষণশীল মনোভাবের দেশ সৌদি আরবে এমন একটি কাউন্সিল চালু উৎসাহদায়ক উদ্যোগ বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। তবে কাউন্সিল চালুর যে ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তাতে কোনো নারীকে দেখা যায়নি। কাসিম গার্লস কাউন্সিলের প্রথম বৈঠকে মঞ্চে ছিলেন ১৩ জন পুরুষ। ধারণা করা হচ্ছে, নারীরা সম্ভবত অন্য কক্ষে ছিলেন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁরা মূল বৈঠকে যুক্ত ছিলেন।
কাসিম প্রদেশের এই নারী কাউন্সিলের প্রধানের দায়িত্ব পালন করবেন প্রিন্সেস আবির বিনতে সালমান। তিনি প্রাদেশিক গভর্নর প্রিন্স ফয়সালের স্ত্রী।
নারী কাউন্সিলের ব্যাপারে গভর্নর প্রিন্স ফয়সাল বিন মিশাল বিন সৌদ বলেন, সৌদি আরবে এ ধরনের উদ্যোগ এটাই প্রথম। এ জন্য তিনি গর্ববোধ করছেন।