সৌদি আরবে নারীদের ওপর নিয়ন্ত্রণ শিথিল
বেশ কিছু কাজের ক্ষেত্রে সৌদি আরবের নারীদের আর পুরুষ অভিভাবকের সম্মতি নেওয়ার প্রয়োজন হবে না। স্থানীয় সংবাদমাধ্যম গত শুক্রবার জানায়, বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ নতুন এক ফরমান জারি করেছেন। এই ফরমানে চাকরির ক্ষেত্রে নারীদের পরিবারের অভিভাবকের অনুমতি নেওয়ার বিষয়টি তুলে দেওয়া হয়েছে।
তবে নারী অধিকারকর্মীরা বলছেন, রাজকীয় ওই নির্দেশ নারী অধিকার নিশ্চিতে খুব বেশি দূর পর্যন্ত ভূমিকা রাখবে না।
সৌদি আরবে নারীদের ওপর এমন কিছু বিধিনিষেধ রয়েছে, যা বিশ্বের অন্য দেশগুলোয় প্রায় নেই বললেই চলে। একমাত্র এই দেশেই নারীরা গাড়ি চালানোর অনুমতি পায় না। আর পড়ালেখা, ভ্রমণ এবং অন্যান্য কাজের ক্ষেত্রে পরিবারের পুরুষ অভিভাবকের অনুমতি অবশ্যই নিতে হয়। বাবা, স্বামী অথবা ভাই মূলত এই অভিভাবকের ভূমিকায় থাকেন।
দেশটির ইংরেজি ভাষার দৈনিক আরব নিউজ জানায়, বাদশাহর ফরমান অনুযায়ী, ইসলামি আইন অনুযায়ী বাধা না থাকলে চাকরিতে নারীদের যোগ দেওয়ার জন্য অভিভাবকের সম্মতির প্রয়োজন পড়বে না। সরকারি সংস্থাগুলোকেও এ নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
জেদ্দার নারী অধিকারকর্মী সাহার হোসেন নাসিফ রাজকীয় এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও বলেছেন, নতুন এই ফরমানের কারণে কোন বিষয়গুলোয় পরিবর্তন আসবে, তা পরিষ্কার নয়।