সৌদি আরবে পাকিস্তানি নাগরিকের শিরশ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে হেরোইন চোরাচালানের অপরাধে আজ বৃহস্পতিবার ইসমাইল খান সাইদ নামের এক পাকিস্তানির শিরশ্ছেদ করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির এক খবরে বলা হয়, আজ দেশটির সবচেয়ে বড় প্রদেশ ইস্টার্ন প্রভিন্সে এই ঘটনা ঘটে। এ নিয়ে দেশটিতে গত দুই মাসে মাদক পাচারের অভিযোগে পাকিস্তানের ১২ জন নাগরিকের শিরশ্ছেদ করা হলো।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির উল্লেখ করে সৌদি প্রেস এজেন্সি জানায়, বিপুল পরিমাণ হেরোইন পাচারের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর ইসমাইল খানকে ইস্টার্ন প্রভিন্সে নিয়ে আসা হয়। এখানেই তাঁর দণ্ড কার্যকর করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে গত হিজরি সনে (অক্টোবরে শেষ হয়) সৌদি কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের প্রায় ১৮ কেজি মাদকদ্রব্য জব্দ করেছে।

খবরে বলা হয়, সৌদি আরবে চলতি বছর ১২ জন পাকিস্তানিসহ দেশি-বিদেশি মোট ৮৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা দেশগুলোর মধ্যে সৌদি আরব একটি। সৌদি আরবে ইসলামি শরিয়া মোতাবেক ধর্ষণ, হত্যা, ধর্মান্তরিত করা ও ডাকাতির মতো অপরাধের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড।

জাতিসংঘের মাদক ও অপরাধ বিভাগের তথ্যমতে, সম্প্রতি অবৈধ মাদকের প্রধান বাজার হিসেবে উপসাগরীয় এলাকা ব্যবহৃত হচ্ছে।