সৌদি ও ইরানকে শান্ত থাকার আহ্বান তুরস্কের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরব ও ইরানকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে তুরস্ক। আঙ্কারা বলছে, রিয়াদ ও তেহরানের মধ্যে কূটনৈতিক বিরোধ আঞ্চলিক উত্তেজনাকেই কেবল গুরুতর করবে।

আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরব ও ইরানের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে তুরস্কের উপপ্রধানমন্ত্রী নুমান কুরতুলমাস দেশ দুটির প্রতি ওই আহ্বান জানিয়েছেন।

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। প্রভাবশালী শিয়া নেতা শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার জেরে তেহরানে সৌদি আরবের দূতাবাস আক্রান্ত হওয়ার পর গত রোববার রিয়াদ ওই ঘোষণা দেয়। বাহরাইন, সুদান ও সংযুক্ত আরব আমিরাতও (ইউএই‍) গতকাল সোমবার একই ধরনের ঘোষণা দিয়েছে।

গত শনিবার নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘোষণা দেয় সৌদি কর্তৃপক্ষ। নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে শনিবার দিবাগত রাতে ইরানে সৌদি আরবের দূতাবাস ও কনস্যুলেট ভবনে হামলা করে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা।