সৌদি জোটকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনে চলমান যুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটকে অস্ত্র সরবরাহ বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। 
আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিনকেন এ তথ্য জানিয়েছেন।
চলমান অভিযানকে কেন্দ্র করে জোটের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য বিনিময় বাড়িয়ে দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে।
ইয়েমেনে শিয়াপন্থী হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে গত ২৬ মার্চ যুদ্ধ শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব দেশগুলোর জোট বাহিনী। দেশটির ‘নির্বাচিত বৈধ সরকারকে রক্ষায়’ এ অভিযান চালানো হচ্ছে বলে বলছে সৌদি জোট। অভিযানের কঠোর সমালোচনা করে আসছে ইরান।
এই প্রেক্ষাপটে গতকাল মঙ্গলবার সৌদি আরব সফর করেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিনকেন। রাজধানী রিয়াদে তিনি বলেন, সৌদি আরবের নেতৃত্বাধীন জোটকে অস্ত্র সরবরাহ ত্বরান্বিত করেছে যুক্তরাষ্ট্র। জোটের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বাড়িয়ে দেওয়া হয়েছে। অভিযান সমন্বয় করতে একটি কেন্দ্র খুলেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের এই উপপররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, এই পদক্ষেপ হুতি ও তাদের মিত্রদের জন্য একটা কঠিন বার্তা দিচ্ছে। বল প্রয়োগ করে তারা কোনোভাবেই ইয়েমেনের ক্ষমতা দখল করতে পারবে না।
ইয়েমেনে চলমান যুদ্ধে প্রাণহানি বেড়েই চলছে। ত্রাণকর্মীদের ভাষ্য, গত তিন সপ্তাহের যুদ্ধে নারী ও শিশুসহ অন্তত ৫৬০ জন নিহত হয়েছে।
দেশটিতে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলা ও শিয়াপন্থী হুতি বিদ্রোহীদের সঙ্গে প্রেসিডেন্ট আবেদরাব্বো মানসুর হাদির সমর্থক সেনাদের লড়াইয়ে এই প্রাণহানি ঘটেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গতকাল মঙ্গলবার জানিয়েছে, ১৯ মার্চ থেকে চলা যুদ্ধে ইয়েমেনে আহত হয়েছে এক হাজার ৭০০ জন।
ইয়েমেনে বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগর এডেনে জরুরি ত্রাণ-সহায়তা পাঠাতে না পারলে সেখানে মানবিক সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে ত্রাণকর্মীরা।