সৌদি জোটের সন্ত্রাসী তালিকায় নতুন ১৮ নাম
নতুন করে আরও নয় প্রতিষ্ঠান ও নয় ব্যক্তিকে সন্ত্রাসীদের তালিকায় যুক্ত করেছে কাতার অবরোধকারী সৌদি নেতৃত্বাধীন দেশগুলো। সৌদি আরবের বার্তা সংস্থা ওয়াস এ তথ্য প্রকাশ করেছে।
খবরে বলা হয়, সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন ও মিসর নতুন নয়টি প্রতিষ্ঠান ও নয়জন ব্যক্তিকে সন্ত্রাসের তালিকায় যোগ করেছে। দেশগুলোর অভিযোগ, কাতার এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সন্ত্রাসবাদে সমর্থন ও সহযোগিতা করছে। কাতার কর্তৃপক্ষ এই নতুন তালিকা সম্পর্কে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
নতুন তালিকায় প্রকাশিত নয় প্রতিষ্ঠানের মধ্যে সব কটি ইয়েমেন ও লিবিয়ার প্রতিষ্ঠান। এর মধ্যে তিনটি ইয়েমেনের সেবা সংস্থা ও বাকি ছয়টি লিবিয়ার সংবাদমাধ্যম ও মিলিশিয়া বাহিনী। আর ব্যক্তি তালিকায় নতুন যুক্ত করা হয়েছে কাতারের তিনজন নাগরিক, ইয়েমেনের তিনজন, লিবিয়ার দুজন ও কুয়েতের একজন নাগরিককে। সৌদি জোটের দাবি, এসব ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাতারের প্রশ্রয়ে সন্ত্রাসবাদ প্রসারে ভূমিকা রাখছে।
এর আগে গত ৮ জুন ৫৯ ব্যক্তি ও ১২ প্রতিষ্ঠানকে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে অভিযুক্ত করে তালিকা প্রকাশ করে সৌদি জোট। তখন বলা হয়, তাদের সহযোগিতা করছে কাতার। পরে এর প্রতিক্রিয়ায় কাতার এই তালিকাকে বাতিল বলে ঘোষণা করে জানায়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ঘোষিত তালিকা ছাড়া অন্য কোনো তালিকা কাতারের কাছে গ্রহণযোগ্য নয়।
চলতি মাসের ১২ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন দোহা সফরকালে আমেরিকার সঙ্গে যৌথভাবে সন্ত্রাসবাদ দমনে সমঝোতা স্মারকে স্বাক্ষর করে কাতার। পরে ২০ জুলাই কাতারে বিদ্যমান সন্ত্রাসবাদ দমন আইনের বেশ কিছু ধারায় পরিবর্তন করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি।
গত ৫ জুন থেকে শুরু হওয়া কাতারের বিরুদ্ধে অবরোধ নিরসনে মধ্যস্থতার অংশ হিসেবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দুই দিনব্যাপী সফর শেষ হতেই নতুন তালিকা প্রকাশ করল সৌদি জোট।