ইরানে সৌদি আরবের দূতাবাস ও কনস্যুলেট ভবনে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে নিরাপত্তা পরিষদ। সৌদিতে শিয়া ধর্মীয় নেতা শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণায় গত শনিবার তেহরানে সৌদি দূতাবাস ও ইরানের দ্বিতীয় বৃহত্তম নগর মাশহাদে সৌদি কনস্যুলেট ভবনে আগুন দেন ইরানি বিক্ষোভকারীরা।
এ ঘটনায় গত রোববার ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ক্ষুব্ধ সৌদি আরব। এরপরের দিন বাহরাইন, সুদান ও সংযুক্ত আরব আমিরাতও (ইউএই) একই ধরনের পদক্ষেপের ঘোষণা দেয়। আর কুয়েত গতকাল মঙ্গলবার ইরানে নিযুক্ত তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়।
গতকাল বিবিসি জানায়, সৌদি আরবের পাঠানো একটি চিঠির প্রতিক্রিয়ায় নিরাপত্তা পরিষদ তেহরানে সৌদি দূতাবাসে হামলা ও অগ্নিসংযোগ এবং মাশহাদে সৌদি কনস্যুলেটে হামলার ঘটনায় নিন্দা জানায়। এ পরিষদ ইরান সরকারের প্রতি তার দেশে বিদেশি দূতাবাস এবং কনস্যুলারের সম্পত্তি ও সেখানকার কর্মীদের সুরক্ষার আহ্বান জানায়। এ-সম্পর্কিত আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ সম্মান দেখাতেও তেহরানের প্রতি আহ্বান জানায় পরিষদ।
সৌদি আরব ও ইরান উভয়কেই এই অঞ্চলে সৃষ্ট উত্তেজনা কমাতে পদক্ষেপ নিতে এবং সংলাপে বসতেও অনুরোধ জানিয়েছে নিরাপত্তা পরিষদ। সন্ত্রাসী ও রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শনিবার নিমর আল-নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকরের কথা ঘোষণা করে সৌদি আরব। এ বিষয়ে অবশ্য কোনো মন্তব্য করেনি এই পরিষদ।
২০১১ সালে ‘আরব বসন্ত’ শুরুর পর নিমর আল-নিমর প্রকাশ্যে সৌদি রাজতন্ত্রের সমালোচনা শুরু করেন। ২০১২ সালে নিজ এলাকায় সরকার বিরোধী বিক্ষোভে নেতৃত্ব দেন। এ সময় নিরাপত্তাকর্মীরা তাঁর ওপর গুলি চালায়। পরে ২০১৪ সালে সরকার উৎখাতের চক্রান্তের দায়ে তাঁর মৃত্যুদণ্ডাদেশ হয়।
ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান বিশ্লেষকদের বরাত দিয়ে বলেছে, এ ঘটনার পর আঞ্চলিক উত্তেজনার বল এখন ইরানের হাতে। তেহরান এ ঘটনাকে পুঁজি করে সৌদি আরবকে কূটনৈতিকভাবে চাপে ফেলার পাশাপাশি শিয়াদের উসকে দিয়ে এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।
শিয়া-সুন্নি বিবাদ: মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর ইন্তেকালের পর মুসলিম সম্প্রদায়ের নেতৃত্বদান নিয়েই মূলত শুরু হয় শিয়া ও সুন্নি দ্বন্দ্ব। মুসলিমদের মধ্যে আনুমানিক ৮৫ থেকে ৯০ শতাংশই সুন্নি। এরপরও আদর্শিকভাবে বিভক্ত এ দুই সম্প্রদায়ের মধ্যে শতাব্দীর পর শতাব্দী দ্বন্দ্ব চলছে। ডালপালা গজিয়ে এ উত্তেজনা ছড়িয়েছে রাষ্ট্রীয় পর্যায়েও।
বিবিসির খবরে বলা হয়, শিয়া-সুন্নি বিবাদে জড়িয়ে পড়া এমন দেশগুলোর অন্যতম সৌদি আরব ও ইরান। সম্প্রতি নিউইয়র্কে বক্তব্য দেওয়ার সময় জাতিসংঘে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ আল-মুয়াল্লিমি এ প্রসঙ্গে বলেছেন, ‘সৌদি আরবসহ অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে ইরান হস্তক্ষেপ বন্ধ করলেই এ দুই দেশের মধ্যকার বিরোধের অবসান ঘটতে পারে।’
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আল-জুবেইর এক সংবাদ সম্মেলনে বলেন, ইরানের ইতিহাস আরব বিষয়গুলোতে নেতিবাচক হস্তক্ষেপ ও শত্রুতার ঘটনায় ভরপুর। বিনাশই তাদের সার্বক্ষণিক সঙ্গী।
সুন্নিপন্থী সৌদি আরবের সঙ্গে শিয়াপন্থী ইরানের সম্পর্ক কয়েক দশক ধরেই ভালো নেই। তেহরানের বিরুদ্ধে আরব দেশগুলোর বিষয়ে নাক গলানোর এই অভিযোগ ছাড়াও সিরিয়া ও ইয়েমেন সংঘাত নিয়েও তেলসমৃদ্ধ দেশ দুটি বর্তমানে দুই মেরুতে রয়েছে।