সৌদি বাদশাহর পাশে স্টার ওয়ার্সের ইয়োডা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘ সনদে স্বাক্ষর করছেন সৌদি আরবের বাদশাহ ফয়সাল। তাঁর পাশেই বসে আছে জেডি মাস্টার ইয়োডা। ছবিটি টুইটার থেকে নেওয়া।
জাতিসংঘ সনদে স্বাক্ষর করছেন সৌদি আরবের বাদশাহ ফয়সাল। তাঁর পাশেই বসে আছে জেডি মাস্টার ইয়োডা। ছবিটি টুইটার থেকে নেওয়া।

ছবির ঘটনা ১৯৪৫ সালের। জাতিসংঘ সনদে স্বাক্ষর করছেন সৌদি আরবের বাদশাহ ফয়সাল। আর তাঁর ঠিক পাশেই বসে আছে জনপ্রিয় স্টার ওয়ার্স সিনেমার বিখ্যাত চরিত্র জেডি মাস্টার ইয়োডা! সৌদি আরবের এক পাঠ্যবইয়ে ছাপা হয়েছে এই সাদা-কালো ছবিটি।

এএফপির খবরে বলা হয়েছে, এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে টনক নড়ে সৌদি কর্তৃপক্ষের। গতকাল শুক্রবার দেশটির শিক্ষা মন্ত্রণালয় বলেছে, দুর্ঘটনাক্রমে ছবিটি স্কুলের পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত করা হয়েছিল। দ্রুতই বইটি প্রত্যাহার করা হবে।

এই ছবিটির নকশা করেছেন ২৬ বছর বয়সী সৌদি শিল্পী আবদুল্লাহ আল-শেহরি। ঐতিহাসিক ছবির সঙ্গে পপ সংস্কৃতির মিশেল তৈরিতে তাঁর খ্যাতি আছে।

সৌদি শিক্ষামন্ত্রী আহমেদ আল-ঈসা সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে লিখেছেন, ‘শিক্ষা মন্ত্রণালয় এই অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করছে।’ তিনি বলেছেন, মন্ত্রণালয় এখন ওই পাঠ্যবইটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। এরপর বইটির সংশোধিত মুদ্রণ প্রকাশ করা হবে। এই ভুলের সঠিক কারণ খুঁজে বের করতে একটি কমিটি গঠন করা হয়েছে।

জাতিসংঘ সনদে স্বাক্ষর করছেন সৌদি আরবের বাদশাহ ফয়সাল। তাঁর পাশেই বসে আছে জেডি মাস্টার ইয়োডা। ছবিটি টুইটার থেকে নেওয়া।
জাতিসংঘ সনদে স্বাক্ষর করছেন সৌদি আরবের বাদশাহ ফয়সাল। তাঁর পাশেই বসে আছে জেডি মাস্টার ইয়োডা। ছবিটি টুইটার থেকে নেওয়া।

এদিকে এই ছবির কারিগর আবদুল্লাহ আল-শেহরি দ্য নিউইয়র্ক টাইমসকে বলেছেন, স্কুলের পাঠ্যবই থেকে ছবিটি সরিয়ে ফেলা হবে জেনে তিনি আশ্চর্য হয়েছেন। শেহরির যুক্তি, দুজন বুদ্ধিমান ব্যক্তিকে তিনি এক ফ্রেমে আনতে চেয়েছিলেন। স্টার ওয়ার্সের চরিত্র ইয়োডা যেমন বুদ্ধিমান হিসেবে দেখানো হয়, তেমনি বুদ্ধিমান বাদশাহ ফয়সাল। আবার জেডি মাস্টার ইয়োডার গায়ের সবুজ রঙের সঙ্গে সৌদি আরবের জাতীয় পতাকার রঙের মিল আছে।

শেহরি জোর দিয়ে বলেন, বাদশাহ ফয়সালকে হেয় করার উদ্দেশ্য তাঁর ছিল না। বরং তাঁকে সৌদি আরবের আধুনিকায়নের অগ্রদূত বলে মনে করেন তিনি।

তবে এই ভুল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছেই। এক সৌদি স্কুলশিক্ষক ঠাট্টা করে লিখেছেন, স্কুলে বাড়তি ক্লাস চালু করার ‘সমুচিত জবাব’ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। উল্লেখ্য, এ বছরের শুরুর দিকে সৌদি কর্তৃপক্ষ দেশটির স্কুলগুলোতে বাড়তি ক্লাস করানোর নিয়ম চালু করেছিল।