সৌদি-মিসরের সংযোগে লোহিত সাগরে ২০ মাইল সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহিত সাগরের ওপর একটি সেতু নির্মাণের ঘোষণা দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান। সৌদি আরব ও মিসরের মধ্যে সংযোগ ঘটাতেই এ সেতু নির্মাণ করা হবে। পাঁচ দিনের মিসর সফরের দ্বিতীয় দিনে দেশটির রাজধানী কায়রোতে আজ শুক্রবার এ ঘোষণা দেন বাদশাহ সালমান। ২০ মাইল দীর্ঘ এই সেতুর নাম হবে ‘কিং সালমান বিন আবদেল আজিজ সেতু’। 

এএফপির খবরে বলা হয়েছে, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠকের পরই সৌদি আরবের বাদশাহ সালমান এক বিবৃতিতে লোহিত সাগরের ওপর দিয়ে সৌদি আরব ও মিসরের মধ্যে সেতু তৈরির ঘোষণা দেন। এ ঘোষণার আগেই দুই দেশের প্রতিনিধিরা একটি বিনিয়োগ চুক্তিতে সই করেন।
দুই দশক ধরে আলোচনার পর এ সেতু নির্মাণের ঘোষণা দেওয়া হলো। টাইমসের খবরে বলা হয়েছে, ২০১১ সালের আলোচনায় বলা হয়েছে, এই সেতুর প্রস্তাবিত দৈর্ঘ্য হবে ২০ মাইল। অপর এক খবরে বলা হয়েছে, সৌদি আরবের তাবুক এলাকা থেকে লোহিত সাগরের ওপর দিয়ে মিসরের আকাবা পর্যন্ত এই সেতু তৈরি হবে।
বাদশাহ সালমান বলেন, ‘দুই দেশের মধ্যে একটি সংযোগ সেতু গড়ে তুলতে আমার ভাই মান্যবর প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে একমত হয়েছি।’ তিনি আরও বলেন, ‘এই ঐতিহাসিক পদক্ষেপ দুই মহাদেশের (আফ্রিকা এবং এশিয়া) মধ্যে সংযোগ স্থাপন করবে। এতে দুই মহাদেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ বাড়বে।
দুই দেশের প্রতিনিধিরা ১৭টি বিনিয়োগ চুক্তি ও সমঝোতা স্মারক সই করেন। মিসরের প্রেসিডেন্ট সিসি সেতুর নাম ‘কিং সালমান বিন আবদেল আজিজ সেতু’ প্রস্তাব করেন।
একজন সরকারি কর্মকর্তা বলেন, সৌদি বাদশাহ সালমানের সফরে দুই দেশ ১৭০ কোটি ডলারের চুক্তিতে একমত হয়েছে। চুক্তিতে একটি বিদ্যুৎকেন্দ্র, দক্ষিণ সিনাই উপত্যকায় একটি বিশ্ববিদ্যালয় এবং একটি ভবন নির্মাণের কথা বলা হয়েছে।
এদিকে কায়রো বিশ্ববিদ্যালয় গতকাল বৃহস্পতিবার সৌদি বাদশাহকে সম্মানসূচক ‘অর্ডার অব নাইল’ ডিগ্রি প্রদান করে।