সৌদিতে আবার শিয়া মসজিদে বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহের ব্যবধানেই আবার আত্মঘাতী বোমায় রক্ত ঝরল সৌদি আরবে। গতকাল শুক্রবার দাম্মামে জুমার নামাজ চলার সময় একটি শিয়া মসজিদের ফটকে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে হামলাকারীসহ চারজন নিহত হয়েছে। এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। খবর এএফপির।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘কর্তৃপক্ষ দাম্মামের আল-আনুদ মসজিদে শুক্রবারের নামাজ আদায়রত লোকজনকে লক্ষ্যবস্তু করে একটি সন্ত্রাসী হামলার চেষ্টা নস্যাৎ করে দিতে সক্ষম হয়েছে।’ সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের রাজধানী দাম্মাম। মুখপাত্র জানান, হামলাকারী নিজের গাড়িটি মসজিদের গাড়ি পার্কিং এলাকায় থামায়। এ সময় নিরাপত্তাকর্মীরা তল্লাশি করতে তার দিকে এগিয়ে যাচ্ছিলেন। এ কারণে মসজিদটির ফটকেই সে নিজের শরীরে বাধা বিস্ফোরকভর্তি বেল্টের বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় চারজন আহতও হয়েছে।
প্রত্যক্ষদর্শী নাসিমা আল-সাদা জানান, হামলাকারী নারীর পোশাকে ছিল। সে গাড়ি থেকে নেমে মসজিদটির নারীদের নামাজ পড়ার এলাকার দিকেই অগ্রসর হচ্ছিল। যদিও নিরাপত্তাগত শঙ্কার কারণে মসজিদটিতে এদিন নারীদের নামাজ আদায়ের অনুমতি ছিল না।
হামলার দায় স্বীকার করে টুইটারে প্রকাশ করা এক বিবৃতিতে আইএস বলেছে, আবু জান্দাল আল-জাজরাবি নামে তাদের এক সদস্য এই হামলা চালিয়েছে।
এর আগে ২২ মে পূর্বাঞ্চলীয় প্রদেশেরই একটি গ্রামে আরেকটি শিয়া মসজিদে বোমা হামলায় ২১ জনের প্রাণহানি ঘটে। সেই হামলারও দায় স্বীকার করেছিল আইএস।