সৌদিতে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর
সৌদি আরবে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ছয়জনকে হত্যার দায়ে তাদের মৃত্যুদণ্ড দেন আদালত। আজ রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবের কুথামি উপজাতিদের মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে ওই ছয়জনকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের দায়ে তিন ভাইসহ চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। এ নিয়ে চলতি বছর দেশটিতে ১০৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।
সৌদি আরবে মৃত্যুদণ্ডের হার ক্রমাগত বেড়েই চলেছে। মৃত্যুদণ্ড অবিলম্বে স্থগিত করার জন্য অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। দেশটিতে হত্যা, মাদক পাচার, সশস্ত্র ডাকাতি, ধর্ষণসহ বিভিন্ন অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়। এসব মৃত্যুদণ্ডের অধিকাংশই শিরশ্ছেদ করে কার্যকর করা হয়। গত বৃহস্পতিবার সৌদি কর্তৃপক্ষ চলতি বছরের ১০০তম মৃত্যুদণ্ড কার্যকর করে।
অ্যামনেস্টি জানায়, সৌদি আরব ২০১৫ সালে অন্তত ১৫৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে, যা ইরান ও পাকিস্তানের পর তৃতীয় সর্বোচ্চ। হত্যা এবং মাদক পাচারের জন্য সৌদি আরবে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড দেওয়া হলেও গত জানুয়ারিতে সন্ত্রাসবাদের অভিযোগে এক দিনেই ৪৭ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাঁদের মধ্যে বিশিষ্ট শিয়া আলেম নিমর আল নিমরও ছিলেন। তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করায় সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সংকট সৃষ্টি হয়।