সৌদিতে দুই পুলিশকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের পূর্বাঞ্চলে শিয়া অধ্যুষিত কাতিফ এলাকায় গুলি করে পুলিশের দুজন সদস্যকে হত্যা করা হয়েছে। আজ বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, এই ঘটনাকে ‘সন্ত্রাসী অপরাধ’ বলে সন্দেহ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
স্থানীয় বাসিন্দা হুসেইন আল-নেমর জানান, সকালের দিকে ওই এলাকায় একটি মহাসড়কের কাছে তল্লাশিচৌকিতে গুলির ঘটনা ঘটে। তবে কিছুক্ষণ পর ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তিনি তেমন কোনো আলামত দেখতে পাননি।
সুন্নি প্রধান দেশ সৌদি আরবে শিয়াদের অভিযোগ, তাদের নানাভাবে কোণঠাসা করা হয়েছে। পূর্বাঞ্চলীয় ওই এলাকায় ২০১১ সালে শিয়াদের বিক্ষোভের পর ২৩ জনের তালিকা করে তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। ইতিমধ্যে ওই তালিকার বেশ কয়েকজনে গ্রেপ্তার করা হয়েছে কিংবা গুলি ছুড়ে হত্যা করা হয়েছে। ওই ২৩ জনের বিরুদ্ধে অভিযান শুরু হওয়ার পর পুলিশের ওপর সর্বশেষ আজ ওই এই হামলা হলো। গত সপ্তাহেও কাতিফে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। ওই হামলায় একজন পুলিশ সদস্য ও দুই ভারতীয় নাগরিক আহত হন।
২০১১ সালের ওই শিয়া বিক্ষোভে সম্পৃক্ত থাকার অভিযোগে গত মাসে শিয়া নেতা নিমর আল-নিমরকে মৃত্যুদণ্ডাদেশ দেন সৌদি আরবের সুপ্রিম কোর্ট। রাষ্ট্রদ্রোহসহ নানা অপরাধের দায়ে তাঁর বিরুদ্ধে ওই দণ্ডাদেশ দেওয়া হয়। তবে মানবাধিকার কর্মীরা এই শাস্তি কার্যকর না করার আহ্বান জানিয়ে নিমরকে শান্তিকামী সরকারবিরোধী নেতা অভিহিত করেছেন।