সৌদিতে পুলিশের গুলিতে 'আইএস সদস্য' নিহত
সৌদি আরবের রিয়াদে ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। পৃথক আরেক ঘটনায় গুলিতে পুলিশের এক সদস্যও নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার রাতে তারা খবর পায়, জঙ্গি গোষ্ঠী আইএসের এক সদস্য রিয়াদের একটি ফ্ল্যাটে অবস্থান করছেন। পুলিশের সদস্যরা সেখানে অভিযান চালালে ওই ব্যক্তি অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলার চেষ্টা করেন। পুলিশ তখন গুলি চালায়। এতে ওই ব্যক্তি নিহত হন।
২০১৪ সাল থেকে সৌদি আরবে হামলা শুরু করে আইএস। সে সময় পরপর কয়েকটি আত্মঘাতী হামলায় বহু লোক হতাহত হন। অধিকাংশ হামলার লক্ষ্যবস্তু ছিলেন পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য এবং শিয়া সম্প্রদায়ের লোকজন।
গত ৭ জানুয়ারি রিয়াদের অদূরে আইএসের দুজন সদস্যকে গুলি করে হত্যা করে পুলিশ। তাঁদের শরীরে বিস্ফোরকভর্তি বেল্ট বাঁধা ছিল।
এদিকে মঙ্গলবার পুলিশের এক সদস্যকে উপকূলীয় শহর কাতিফে গুলি করে হত্যা করা হয়েছে।