সৌদি আরবে আত্মঘাতী হামলায় নিহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে পুলিশদের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দেশটির দক্ষিণে আবাহ শহরে এ হামলা চালানো হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়। তবে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-ইখবারিয়া এ ঘটনার পরপরই ১৭ জনের মৃত্যুর কথা বলেছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে সৌদি প্রেস এজেন্সিকে জানান, মুসল্লিদের নামাজ আদায়ের সময় এ বোমা হামলা চালানো হয়। এতে ১০ জন পুলিশ কর্মকর্তা এবং মসজিদে কাজ করতেন এমন তিনজন কর্মী নিহত হয়েছেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে এটি আত্মঘাতী হামলা ছিল। কেননা ঘটনাস্থলে বোমা বহনকারীর মরদেহের ছিন্নভিন্ন বিভিন্ন অংশ পাওয়া গেছে।

ওই মুখপাত্র আরও বলেন, তবে কারা এ ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে এখনো কিছু বলা যাচ্ছে না।

সৌদি নিরাপত্তা কর্মকর্তাদের ওপর করা সাম্প্রতিক হামলার ঘটনাগুলোর মধ্যে এটিই ভয়াবহ। গত মাসের মাঝামাঝি রাজধানী রিয়াদে পুলিশ চেকপোস্টের কাছে একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় ১৯ বছর বয়সী চালক নিহত হন এবং দুজন আহত হয়েছিলেন। এ ছাড়া ৩ জুলাই তায়েফে এক পুলিশকে গুলি করে হত্যা করা হয়। সে ঘটনায় আইএসের পতাকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল।