সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে যাত্রীবাহী পাঁচটি বাসের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮১ জন। হতাহত হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিরা থাকতে পারেন।

স্থানীয় সময় গত শুক্রবার রাতে মদিনা-কাশিম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আজ রোববার সৌদি গেজেটের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

যাত্রীবাহী বাসগুলো সৌদি আরবের রিয়াদ এবং সংযুক্ত আরব আমিরাত ফিরছিল বলে সূত্র জানায়।

আল-কাশিম প্রদেশের রাজধানীর বুরাইদাহ থেকে ২২৫ কিলোমিটার দূরে একটি সেতুর কাছে দুর্ঘটনা ঘটে।

দেশটির কর্মকর্তাদের ভাষ্য, প্রতিকূল আবহাওয়ায় দৃষ্টিসীমা কমে আসায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

বাস পাঁচটিতে প্রায় ২০০ যাত্রী ছিলেন। হতাহত হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, ভারত ও অন্যান্য দেশের নাগরিকেরা থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পর ২৮টি উদ্ধারকারী দল অকুস্থলে ছুটে যায়। আহত হওয়া কিছু ব্যক্তিকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

আহত ব্যক্তিদের মধ্যে ১৬ জনের অবস্থা গুরুতর। বাকিদের আঘাত গুরুতর নয়।