সৌরচালিত সেই উড়োজাহাজের বিশ্বভ্রমণ শুরু
বিশ্বভ্রমণের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে গতকাল সোমবার যাত্রা শুরু করেছে সৌরশক্তিচালিত সেই উড়োজাহাজ। খবর এএফপির।
সোলার ইমপালস-২ নামের ওই উড়োজাহাজ আবুধাবি থেকে ওমানের রাজধানী মাসকটের দিকে যাত্রা শুরু করে। ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত প্রথম এই গন্তব্যে ১২ ঘণ্টায় পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
পারিবারিক একটি গাড়ির সমান ওজনের ওই উড়োজাহাজের ডানা জাম্বো জেট উড়োজাহাজের চেয়েও কিছুটা বড়। পাঁচ মাসেরও বেশি সময় ধরে প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়াসহ এক মহাদেশ থেকে অন্য মহাদেশ ঘুরবে এটি। উড়োজাহাজটি ৩৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দেবে।
এক আসনের সৌরচালিত এ বিমানের পাইলট হলেন আন্দ্রে বোর্শবার্গ। তিনি আরেক পাইলট বার্ট্রান্ড পিকার্ডের সঙ্গে ভাগাভাগি করে এ দায়িত্ব পালন করবেন।
বিশ্বভ্রমণকালে উড়োজাহাজটি বিশ্বের বিভিন্ন স্থানে যাত্রাবিরতি করবে। মাসকটসহ মোট ২৫টি স্থানে এটি যাত্রাবিরতি করবে। আরব সাগর পার হয়ে পরে সেটি ভারতে পৌঁছাবে। এরপর মিয়ানমার, চীন ও হাওয়াই হয়ে নিউইয়র্কে পৌঁছাবে।
উড্ডয়নের আগে আন্দ্রে বোর্শবার্গ বলেন, ‘বিশেষ এই উড়োজাহাজ আমাদের বড় মহাসাগর পার করে দেবে বলে আমি আত্মবিশ্বাসী। এটি করতে আমাদের হয়তো পাঁচ দিন পাঁচ রাত টানা উড়োজাহাজটি চালাতে হবে। এটা একটা চ্যালেঞ্জ।’