স্কুলের বন্ধু থেকে ছায়া প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচিত হওয়ার পর থিন কিউ l ছবি: রয়টার্স
নির্বাচিত হওয়ার পর থিন কিউ l ছবি: রয়টার্স

মিয়ানমারের বাইরে দেশটির নতুন প্রেসিডেন্ট থিন কিউয়ের পরিচিতি তেমন নেই। কিন্তু গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির কাছে তাঁর এই স্কুলবন্ধু এবং দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগীর আনুগত্য প্রশ্নাতীত।
৬৯ বছর বয়সী থিন কিউ গতকাল মঙ্গলবার পার্লামেন্টে জোরালো কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সেনাবাহিনীর তৈরি করা সংবিধানের বিশেষ বিধানের জন্য নোবেল বিজয়ী সু চি নিজে প্রেসিডেন্ট হতে পারলেন না। ১৯৬২ সালের পর মিয়ানমারের প্রথম বেসামরিক প্রেসিডেন্ট হলেন থিন কিউ।
মিয়ানমারের খ্যাতনামা লেখক ও কবি মিন থু উনের ছেলে থিন কিউ দাতব্য প্রতিষ্ঠান দো খেন চির দেখভাল করতেন। সু চি তাঁর মায়ের স্মৃতি রক্ষায় এটি প্রতিষ্ঠা করেন। উচ্চশিক্ষা, ব্যক্তিগত অবস্থান এবং সু চির বিশ্বাসভাজন হওয়ার সুবাদে নিজের বিশেষ একটি অবস্থান তৈরি করেছিলেন থিন কিউ।
মিয়ানমারের রাজনৈতিক পরিমণ্ডল জটিল। সেনাবাহিনী সেখানে বিপুল প্রভাবের অধিকারী। এই বাস্তবতায় থিন সরকারে কতটুকু প্রভাব ফেলতে পারবেন, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন আছে। আবার গত বছরের নভেম্বরে সাধারণ নির্বাচনের আগে সু চি বলেছিলেন, তিনি নিজে প্রেসিডেন্ট হতে না পারলেও তাঁর অবস্থান হবে প্রেসিডেন্টের ওপরেই। সেই অবস্থানটি আসলে কেমন হবে, সে সম্পর্কে তখন বিশদ কিছু বলেননি সু চি।
মনোনয়নের সময় সু চি সামরিক জান্তার বিরুদ্ধে থিনের দীর্ঘ লড়াইয়ের কথাটা নিশ্চয়ই মনে রেখেছেন। স্বল্পভাষী, অর্থনীতির স্নাতক থিন মিয়ানমারের গণতন্ত্র এবং সু চির লড়াই প্রত্যক্ষ করেছেন নিবিড়ভাবেই। তাঁর বাবা সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। থিনের স্ত্রী সু সু লুইন এখন এনএলডির এমপি। আবার তাঁর বাবাও ছিলেন দলটির একজন মুখপাত্র। থিন কিউ সম্পর্কে মিয়ানমারের জাতিগত সংঘাতসহ নানা বিষয়ে একাধিক বইয়ের লেখক বার্টিল লিন্টনার বলেন, থিন কিউ সাধারণ কেউ নন। তিনি বড় একটি রাজনৈতিক পরিবার থেকেই এসেছেন।
দীর্ঘদিনের গৃহবন্দিত্ব থেকে ২০১০ সালে সু চির শেষ দফা মুক্তির পর থিনের সঙ্গে তাঁর পারিবারিক যোগাযোগের বিষয়টি স্পষ্ট হয়। সদ্য মুক্তি পাওয়া সু চি যখন তাঁর ইয়াংগুনের বাড়ির ফটকে উদ্বেলিত জনতার শুভেচ্ছার জবাব দিচ্ছিলেন, তখন তাঁর পাশেই ছিলেন থিন। এরপর বিগত দিনগুলোতে অনেকবারই থিনকে দেখা গেছে সু চিকে নিয়ে গাড়ি চালাতে। চার বছর ধরে তিনি সু চির দাতব্য প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ নির্বাহী।
থিন কিউয়ের জন্ম ১৯৪৬ সালে। ১৯৬৮ সালে তিনি ইয়াংগুন ইকোনমিকস ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপানে শিক্ষামূলক নানা প্রশিক্ষণ নেন। জীবনবৃত্তান্ত অনুসারে, থিন কিউ ১৯৭১ থেকে ১৯৭২ সালে ইউনিভার্সিটি অব লন্ডনের ইনস্টিটিউট অব কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করেন।