স্ত্রীর বার্তা উপেক্ষা করায় বিচ্ছেদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনসঙ্গীর পাঠানো বার্তা (টেক্সট মেসেজ) এড়িয়ে গেলে সাবধান! এ নিয়ে বড় ধরনের কুরুক্ষেত্র বেধে যেতে পারে। তাইওয়ানে এমন ঘটনায় এক নারী তাঁর স্বামীর সঙ্গে বিবাহ-বিচ্ছেদ ঘটিয়েছেন।

আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, টেক্সট মেসেজ পড়া হয়েছে কি না, সেই ইন্ডিকেটর ব্যবহার করে তাইওয়ানের এক নারী আদালতে প্রমাণ করেছেন, স্বামী তাঁকে অবহেলা করেছেন। আর এই অভিযোগেই তাইওয়ানের একটি পারিবারিক আদালত লিন নামের ওই নারীকে স্বামীর সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলার অনুমতি দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, বিশেষ ধরনের একটি অ্যাপের সাহায্যে দেখা গেছে, লিনের স্বামী লাইনে পাঠানো টেক্সট মেসেজগুলো খুলেছিলেন, কিন্তু একটারও উত্তর দেননি। হোয়াটসঅ্যাপের মতো তাইওয়ানে বার্তা আদানপ্রদানে লাইন বেশ জনপ্রিয়। আর অ্যাপে পাঠানো কোনও বার্তা পড়া হয়েছে কি না, তা বের করার পদ্ধতিকে বলা হয় ‘ব্লু-টিকিং’।

তাইওয়ানের শিনচু জেলার পারিবারিক আদালতের বিচারক কাও বলেন, টেক্সট মেসেজগুলোকে যেভাবে এড়ানো হয়েছে, এতে এই বিয়ে আর মেরামত করার কোনো উপায় নেই।

বিচারক কাও বলেন, লিন প্রায় গত ছয় মাস ধরে তাঁর স্বামীকে টেক্সট মেসেজ পাঠাচ্ছিলেন। গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে একবার হাসপাতালে ভর্তির বার্তাও দিয়েছিলেন। একটা বার্তায় তিনি এটাও বলেছিলেন, ‘তাঁকে হাসপাতালের জরুরি কক্ষে নিয়ে যাওয়া হচ্ছে—তাঁর স্বামী বার্তাগুলো পড়েও কেন উত্তর দিচ্ছেন না। তাঁর স্বামী এমন গুরুত্বপূর্ণ বার্তা পড়ার পরও কোনো উত্তর দেননি। তবে লিনের স্বামী একবার তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। এরপরও বার্তাগুলো বারবার উপেক্ষা করায় তা তাঁদের বিয়ে বিচ্ছেদের জন্য উপযুক্ত কারণ বলে মনে করে আদালত।

বিচারক বলেন, লিন দুর্ঘটনায় আহত হওয়ার দু-এক মাস পর তাঁর স্বামী একটি বড় টেক্সট মেসেজ পাঠিয়েছিলেন। এতে কেবল বাড়ির কুকুরটির বিষয়ে জানতে চেয়েছেন তিনি। ওই মেসেজে লিনের ব্যাপারে কিছু লেখেননি তিনি। এ থেকে প্রমাণিত হয়, তাঁদের মাঝে সম্পর্ক ভালো ছিল না। আরও অন্য সমস্যাও ছিল।

২০১২ সালে লিন দম্পতির বিয়ে হয়। আদালতের এই রায়ের বিরুদ্ধে লিনের স্বামী আপিল করার সুযোগ পাবেন।