স্ত্রীসহ অমিক্রনে আক্রান্ত এরদোয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় আক্রান্ত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান
ফাইল ছবি: এএফপি

করোনার অমিক্রন ধরনে আক্রান্ত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তাঁর স্ত্রী। তবে মারাত্মক কোনো শারীরিক জটিলতায় ভুগছেন না তাঁরা। স্থানীয় সময় আজ শনিবার এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন এরদোয়ান নিজেই। খবর এএফপির

টুইটারে ৬৭ বছর বয়সী তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘হালকা উপসর্গ অনুভব করছিলাম। পরীক্ষার পর আমার ও স্ত্রীর করোনা পজিটিভ এসেছে। সৌভাগ্যক্রমে আমাদের মৃদু সংক্রমণ হয়েছে। এটা অমিক্রন ধরন বলে জানতে পেরেছি।’  

করোনা আক্রান্ত হওয়ার পর সবার কাছে প্রার্থনা চেয়েছেন এরদোয়ান। জানিয়েছেন, করোনা শনাক্তের পরও নিজেদের দায়িত্ব পালন করে যাবেন তাঁরা। টুইটে তিনি লেখেন, ‘আমরা বাসা থেকে আমাদের কাজ করব। আপনাদের প্রার্থনা প্রত্যাশা করছি।’

মহামারি শুরুর পর থেকে তুরস্কে এখন পর্যন্ত প্রায় ১ কোটি ২০ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ৯০ হাজার জনের।

এদিকে শনিবারের সর্বশেষ তথ্য অনুযায়ী, তুরস্কের ৮ কোটি ৫০ লাখ বাসিন্দার মধ্যে ৫ কোটি ২৫ লাখ মানুষ করোনা টিকার দুই ডোজ নিয়েছেন। আর টিকার তিনটি ডোজ নিয়েছেন ২ কোটি ৫০ লাখের বেশি মানুষ। গত জুনেই টিকার তৃতীয় ডোজ নিয়েছিলেন এরদোয়ান।

তুরস্কে কেউ করোনা পজিটিভ হলে প্রথম সাত দিন তাঁকে আইসোলেশনে থাকতে হয়। এর মধ্যে পঞ্চম দিন পরীক্ষা করে নেগেটিভ এলে তাঁকে আর কোয়ারেন্টিনে থাকতে হয় না।